মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নতুন এক পরীক্ষামূলক উড়োজাহাজ প্রকাশ্যে এনেছে, যা পূর্ববর্তী সব প্লেনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন উপায়ে আকাশে উড়তে সক্ষম বলে দাবি করা হয়েছে। ‘এক্স-৭০ ফ্র্যাক্টাল’ নামের এই উড়োজাহাজটির মূল লক্ষ্য চালকসহ উড্ডয়নের ক্ষেত্রে এমন সব নতুন দিক উন্মোচন করা, যা আগে কখনও দেখা যায়নি।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, এ প্রকল্পের মাধ্যমে নতুন ফ্লাইট কন্ট্রোল ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন আধুনিক প্রযুক্তি বাস্তব ফ্লাইটে পরীক্ষার সুযোগ তৈরি হবে। নতুন এই প্রযুক্তি সুবিধার পাশাপাশি যানটি ভেতরে ও বাইরে মিলিয়ে মোট ৯১০ কেজি পর্যন্ত বৈজ্ঞানিক সরঞ্জাম বা পেলোড বহন করতে পারবে। এই পেলোড বহন করার দক্ষতা নতুন ধরনের বৈজ্ঞানিক অনুসন্ধানের পথ সুগম করবে বলে ধারণা করা হচ্ছে।
পেলোড বহন ক্ষমতা প্রসঙ্গে জ্যারেড আইজ্যাকম্যান বলেন, এর মডিউলার ডিজাইন এবং দ্রুত অভ্যন্তরীণ ও বাহ্যিক পেলোড পরিবর্তন করার সক্ষমতা এক গবেষণা থেকে অন্য গবেষণায় দ্রুত স্থানান্তরের পথ উন্মুক্ত করবে। আগামী দুই বছরের মধ্যে উড়োজাহাজটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালিত হতে পারে। এটিকে বিমান চালনা বিজ্ঞানের নতুন এক যাত্রার সূচনা হিসেবে দেখা হচ্ছে।
পরিসংখ্যান অনুসারে, ‘এক্স-৭০ ফ্র্যাক্টাল’ উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়ন ক্ষমতা চার হাজার ৫০০ কেজি। এটি শব্দের গতির ৭৫ শতাংশ গতিতে, সর্বোচ্চ ৪৫ হাজার ফুট উচ্চতায় একটানা ২ হাজার ৭৭৭ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এই সক্ষমতা বিমানটিকে জটিল পরিস্থিতিতে চ্যালেঞ্জিং গবেষণা সম্পাদন করার সুযোগ দেবে। তবে এর মূল নকশা বা বাহ্যিক গঠন নিয়ে খুব বেশি বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রে ‘এক্স-প্লেন’ কর্মসূচির সূচনা ঘটেছিল ১৯৪৪ সালে ‘বেল এক্স-১’ প্রকল্পের মাধ্যমে, যা ১৯৪৭ সালে প্রথমবারের মতো শব্দের গতি অতিক্রম করার রেকর্ড গড়েছিল। পরবর্তী সময়ে ১৯৬৭ সালে ‘এক্স-১৫’ চালকসহ উড়োজাহাজ হিসেবে সর্বোচ্চ গতির রেকর্ড সৃষ্টি করে।
নাসার অ্যারোনটিক্স বিভাগের পরিচালক লরি গ্রিন্ডল জানান, বহু দশক ধরে উড্ডয়ন বিদ্যাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই সিরিজের উড়োজাহাজগুলো। তবে এই ধারার সব উদ্যোগ সফল হয়নি; যেমন পরিবেশবান্ধব প্রযুক্তি প্রমাণের জন্য নির্মিত ‘এক্স-৫৭ ম্যাক্সওয়েল’ প্রোপালশন সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় ২০২৩ সালে বাতিল করা হয়।