ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা বাস্তবায়নে কোন ধাপে কোন ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে, সেই তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটিং তালিকার পাশাপাশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও বিতরণের সার্বিক অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হচ্ছে।
আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন কার্যালয়ে ইসির ১৪তম সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচনায় অংশ নেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়াও ইসি সচিব আখতার আহমেদসহ কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, সারা দেশে মোট পাঁচ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের আওতায় থাকা ইউনিয়নগুলোর প্রাথমিক তালিকা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে এবং চলতি সভাতেই তা চূড়ান্ত রূপ পাবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ করা হবে আগামী ২১ জানুয়ারি। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ বা পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।
প্রাথমিকভাবে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত ভোটের ৪০ থেকে ৪৫ দিন পূর্বে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা স্ব স্ব ইউপির নির্বাচনি তফসিল প্রকাশ করবেন।
এছাড়া স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের সুবিধার্থে পারসোনালাইজেশন সেন্টার পরিচালন সংক্রান্ত বিষয়গুলো সভার নির্ধারিত আলোচ্যসূচিতে রয়েছে। পুরো কার্যক্রমটি ইসির চলমান 'আইডিইএ' প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।