শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বপ্ন ছিল।
আজ সোমবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যে শিক্ষা খাতের চ্যালেঞ্জ ও নিজেদের সফলতার চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তাঁর মনে হয়েছিল তারা সামনের দিকে নয়, পেছনের দিকে যাচ্ছেন। তবে দেশব্যাপী শিক্ষার মানোন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে আর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস সম্পূর্ণভাবে রোধ করতে আগামীতে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
নবীন শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে বুঝতে হবে সামনে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব রয়েছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে প্রকৃত জ্ঞানভিত্তিক বা নলেজ-বেইজড হতে হবে।
কারিগরি শিক্ষার উন্নয়নের ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের পলিটেকনিক ইনস্টিটিউটের আদলে আধুনিকীকরণ করা হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন সংকট দ্রুত নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো উন্নয়নের জন্য ইতোমধ্যে একাডেমিক ভবন ও অডিটোরিয়ামের বাজেট প্রস্তুত করা হয়েছে এবং চলতি বছরেই এর কাজ শুরু হবে। তবে শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি আবাসিক হলের কাজ চলতি বছরে না হলেও আগামী বাজেটে বাস্তবায়ন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৫০ একরের ক্যাম্পাস অত্যন্ত ছোট, তাই এখানে আরও ৫০ একর জমি প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়ে গেছেন।