প্রযুক্তি টিপসপ্রধান সংবাদ

ফোন রিস্টার্ট করলেই কি সব সমস্যার সমাধান হয়?

সকালে অফিসে বেরোনোর তাড়ার সময় ফোনে নেটওয়ার্কের বার থাকলেও ইন্টারনেট না থাকা কিংবা মেসেজিং অ্যাপ আটকে যাওয়ার মতো সমস্যায় পরিচিত একটি পরামর্শ হলো ফোন বন্ধ করে পুনরায় চালু করা বা রিস্টার্ট দেওয়া। ফোন রিস্টার্ট করার পর নেটওয়ার্ক ফেরা বা অ্যাপ সচল হওয়ার ঘটনা এত বেশি ঘটে যে, যেকোনো গোলমালে আমরা প্রায় স্বয়ংক্রিয়ভাবেই এই কৌশলটি প্রয়োগ করি। ফোন ধীরগতির হলে, অ্যাপ না খুললে কিংবা কল না গেলে রিস্টার্ট দেওয়াটা যেন এক স্বয়ংক্রিয় সমাধান হয়ে দাঁড়িয়েছে, যদিও সব সময় এতে কাজ হয় না।

ফোন চালু থাকা অবস্থায় একসঙ্গে বহু প্রক্রিয়া চলতে থাকে, যেমন—অ্যাপস, নেটওয়ার্ক সংযোগ, অবস্থানসেবা, নোটিফিকেশন এবং নানা ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়া। এর মধ্যে কোনো একটি প্রক্রিয়া সাময়িকভাবে আটকে গেলে বা ঠিকমতো সাড়া না দিলে ফোনের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। রিস্টার্ট দেওয়ার ফলে চলমান সমস্ত প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়, সিস্টেম নতুন করে চালু হয় এবং নেটওয়ার্কের সঙ্গে সংযোগও নতুন করে স্থাপিত হয়। সমস্যাটি যদি নিতান্তই সাময়িক হয়, তবে এই নতুন শুরুটুকুই সমাধানের জন্য যথেষ্ট হয়ে থাকে।

এ কারণেই হ্যাং করা অ্যাপ, সাড়া না দেওয়া স্ক্রিন কিংবা সাময়িক নেটওয়ার্ক সমস্যায় রিস্টার্ট বেশ ভালো কাজে দেয়। অ্যান্ড্রয়েডের সহায়তা নির্দেশিকাতেও যেকোনো সমস্যা সমাধানের প্রাথমিক ধাপ হিসেবে ফোন রিস্টার্ট করার কথা বলা হয়ে থাকে। তবে একই সঙ্গে সেখানে অ্যাপের কার্যকারিতা, সফটওয়্যার আপডেট ও স্টোরেজ পরীক্ষা করার মতো বিষয়গুলোও খতিয়ে দেখতে বলা হয়। অর্থাৎ, রিস্টার্ট হলো একটি প্রাথমিক পদক্ষেপ, যা সব সমস্যার একক বা স্থায়ী সমাধান নয়।

রিস্টার্ট হয়তো সাময়িকভাবে আটকে যাওয়া কিছু প্রক্রিয়া পুনরায় সচল করতে পারে, কিন্তু সমস্যার মূল উৎস যদি অটুট থাকে, তবে তা যেকোনো সময় আবার ফিরে আসতে পারে। কোনো নির্দিষ্ট অ্যাপ যদি বারবার ক্র্যাশ করে, ফোনের স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে যায়, সফটওয়্যারে ত্রুটি থাকে কিংবা ব্যাটারি দুর্বল হয়ে পড়ে, তবে ফোন রিস্টার্ট করা কেবল কিছুক্ষণের জন্য স্বস্তি দিতে পারে। একই সমস্যা বারবার ফিরে আসার অর্থ হলো—সমাধান কেবল ফোন পুনরায় চালু করাতেই সীমাবদ্ধ নয়, বরং গোড়ার কারণ খুঁজে বের করা জরুরি।

উদাহরণস্বরূপ, ফোন যদি কয়েক দিন ধরে ধীরগতির থাকে এবং একবার রিস্টার্ট করার পর কিছুটা গতি বাড়লেও পরদিনই আবার আগের অবস্থায় ফিরে যায়, তবে কোন অ্যাপ বেশি জায়গা দখল করছে, স্টোরেজে পর্যাপ্ত খালি জায়গা আছে কি না কিংবা নতুন কোনো অ্যাপ ইনস্টল করা হয়েছে কি না—তা খতিয়ে দেখা উচিত। এ ছাড়া ফোন নিয়মিত ক্র্যাশ করলে বা নিজে থেকেই রিস্টার্ট হতে থাকলে তা সাধারণ বিষয় হিসেবে উড়িয়ে দেওয়া ঠিক নয়। গুগলের নির্দেশিকাতেও এমন পরিস্থিতিতে অ্যাপ, আপডেট ও স্টোরেজ গভীরভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

কিছু সমস্যা রয়েছে যা রিস্টার্ট দিয়ে সমাধান করা সম্ভব নয়। যেমন—চার্জের তার নাড়ালে তবেই চার্জ হওয়া, ফোন অতিরিক্ত গরম হওয়া, ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাওয়া কিংবা স্ক্রিনে দাগ বা ঝিলমিল দেখা দেওয়া। এ ধরনের ক্ষেত্রে যন্ত্রাংশ, চার্জার বা সফটওয়্যারে নির্দিষ্ট কোনো ত্রুটি থাকতে পারে। বারবার রিস্টার্ট দিয়ে এসব লক্ষণ সাময়িকভাবে চাপা দেওয়া গেলেও মূল সমস্যাটি থেকেই যায়। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া কিংবা কোনো নির্ভরযোগ্য সার্ভিস সেন্টারে দেখানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

উল্লেখ্য যে, রিস্টার্ট এবং ফ্যাক্টরি রিসেট দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। রিস্টার্টের ক্ষেত্রে কেবল ফোন বন্ধ হয়ে আবার চালু হয়, পক্ষান্তরে ফ্যাক্টরি রিসেটে ফোনের সব তথ্য ও অ্যাপ মুছে যায়। তাই গুগল সবসময়ই ফ্যাক্টরি রিসেট করার আগে প্রয়োজনীয় তথ্যের ব্যাকআপ রাখার ওপর জোর দেয়। পরিশেষে বলা যায়, রিস্টার্টের মাধ্যমে ফোন হয়তো নতুন করে শুরু হয়, কিন্তু সমস্যা যদি স্থায়ী হয়, তবে শুধু ডিভাইসের ওপর ভরসা না করে সমস্যার উৎস নিয়ে গভীরভাবে ভাবার সময় এসেছে।

ট্যাগ:#স্মার্টফোন#প্রযুক্তি#মোবাইল টিপস#অ্যান্ড্রয়েড#গ্যাজেট
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন