জাতীয়প্রধান সংবাদ

বন্ধ হয়ে গেল ফোনের বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবা 'স্বাস্থ্য বাতায়ন'

বিনামূল্যে পরিচালিত সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’ বন্ধ হয়ে গেছে। এর ফলে দেশের নাগরিকেরা ১৬২৬৩ নম্বরে ফোন করে আর চিকিৎসকের ফ্রি পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা তথ্য পাচ্ছেন না। পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সেবাটি বন্ধ হয়ে যায়। কোনো বিকল্প ব্যবস্থা না রেখে হুট করে এই সেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ ও নিম্নআয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বেসরকারি প্রতিষ্ঠান সিনেসিস আইটির পরিচালনায় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য বাতায়নের যাত্রা শুরু হয়। সেখানে প্রায় ১০০ জন প্রশিক্ষিত চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা তিন শিফটে দিন-রাত ২৪ ঘণ্টা রোগীদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে আসছিলেন। পরিচালনাকারী প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত ১২ নভেম্বর থেকে কার্যক্রম বন্ধের পদক্ষেপ নেওয়া হয় এবং ওই দিন সন্ধ্যায় সেবাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়। বর্তমানে ৩৩৩ নম্বরে ফোন করেও ১৬২৬৩-এর এই চিকিৎসা পরামর্শ পাওয়া যাচ্ছে না।

জরুরি এই স্বাস্থ্যসেবা বন্ধ হওয়াকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ। তিনি জানান, সব রোগের চিকিৎসা হাসপাতালে গিয়ে নেওয়া সম্ভব হয় না। বিশ্বজুড়ে যেখানে টেলিমেডিসিন সেবার প্রয়োজনীয়তা বাড়ছে, সেখানে বিকল্প কোনো ব্যবস্থা না করে এত গুরুত্বপূর্ণ একটি সরকারি সেবা বন্ধ করে দেওয়া মোটেও উচিত হয়নি। এতে বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিপদে পড়বেন।

স্বাস্থ্য বাতায়ন মানুষের কাছে সবচেয়ে জরুরি হয়ে উঠেছিল ২০২০ সালের করোনা মহামারির সময়ে। সেই সংক্রমণকালে মানুষ যখন হাসপাতালে যেতে ভয় পাচ্ছিলেন, তখন এই ১৬২৬৩ নম্বরটিই সাধারণ মানুষের ভরসার কেন্দ্র হয়ে ওঠে। ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ কোটি ২৬ লাখ কল এসেছিল এই নম্বরে। চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় তিন কোটি স্বাস্থ্যবিষয়ক কলের উত্তর দেওয়া হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। এ বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত প্রতিদিন গড়ে ছয় হাজারের বেশি মানুষ এই সেবা গ্রহণ করেছেন।

নথিপত্র অনুযায়ী, গত ১০ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে পরিচালনাকারী প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ শেষ হয়। চুক্তি নবায়নের আবেদন করা হলেও তা করা হয়নি। জানা গেছে, পরিচালনাকারী প্রতিষ্ঠানের ২৮ মাসের পরিচালন ব্যয় বাবদ প্রায় ১৬ কোটি টাকা বকেয়া রয়ে গেছে। তবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বজলুর রশীদ জানিয়েছেন, বকেয়া বিল পরিশোধ ও পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই টেলিহেলথ সেবা পুনরায় চালু করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

ট্যাগ:#স্বাস্থ্য বাতায়ন#সরকারি চিকিৎসা#টেলিমেডিসিন#স্বাস্থ্য অধিদপ্তর#১৬২৬৩
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন