ক্যাম্পাস সংবাদপ্রধান সংবাদ

"বর্তমান সময়ে শিক্ষার্থীদের মোবাইল ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই - ডিএসসিসি প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নবনির্মিত খেলার মাঠের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সময়ে শিক্ষার্থীদের মোবাইল ও মাদকের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য এমন একটি চমৎকার খেলার মাঠ তৈরি করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মাঠ থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ভালো খেলোয়াড় তৈরি হবে বলে আমি আশা করি।

ডিএসসিসি প্রশাসক বলেন, কলেজ জীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময়ে পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। ৬৩ নং ওয়ার্ডে একটি নতুন মাঠ নির্মাণের পাশাপাশি উদ্বোধন করা মাঠে আলোকসজ্জা, চারপাশে প্রাচীর নির্মাণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান প্রশাসক। তার মতে, উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উপকৃত হবেন। ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার বিনামূল্যে বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্যোগ নেওয়ার কথাও জানান ডিএসসিসি প্রশাসক। এর আওতায় লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার ও আহসান মঞ্জিলসহ রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন করানো হবে।


নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিনদিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান তিনি। ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগের বিষয়ে আবদুস সালাম বলেন, এলাকার খালগুলো পুনর্খনন, পরিষ্কার, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। খালের ওপর অপরিকল্পিত সেতু নির্মাণ না করে খাল পুনরুদ্ধারে সিটি করপোরেশনকে সহযোগিতা করতে হবে। নাগরিকদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় কালভার্ট সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণ করে দেওয়া হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-০২ এর সংসদ সদস্য শিরীন সুলতানা এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক (ভারপ্রাপ্ত) মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কো চেয়ারম্যান আফরোজ রহমান, উপদেষ্টা কফিল উদ্দিন, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর সভাপতি ফেরদৌস হোসেন রনি।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "আমরা সবসময়ই পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে থাকি। সুস্থ দেহ ও সুন্দর মনের অধিকারী সুনাগরিক গড়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজ থেকে এই নবনির্মিত মাঠটি আমাদের শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাসে মুখরিত থাকবে।"

​অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ নয়নসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:#ক্যাম্পাস সংবাদ#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন