শিক্ষাপ্রধান সংবাদ

বিশ্ববিদ্যালয় হলো ঠিকই, কিন্তু ‘সংযুক্ত’ শব্দে কতটা স্বাধীন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি?

সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন, দাবি ও প্রত্যাশার মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ তাদের বহুদিনের স্বপ্নকে বাস্তবতার দিকে নিয়ে গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার ঘিরে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আলোচনা, প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, যেখানে থাকবে নিজস্ব প্রশাসন, একাডেমিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, স্বতন্ত্র পরিচয় এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ অধিকার। কিন্তু সংযুক্ত কাঠামো সেই প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকেই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বুকে নিয়ে ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। তাদের কাছে এই বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি দীর্ঘ আন্দোলন, আবেগ, প্রত্যাশা ও পরিচয়ের প্রতীক।

এ বিষয়ে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, শিক্ষাবর্ষ ২০২৪–২০২৫, সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মোঃ নুরনবী ইসলাম সুমন বলেন, “আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বুকে নিয়ে। আমরা চেয়েছিলাম নিজস্ব পরিচয়, স্বাধীন প্রশাসন ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা। কিন্তু আজ ‘সংযুক্ত’ শব্দের কাঠামোয় আমাদের সেই স্বপ্ন যেন আবদ্ধ হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলাম, সংযুক্তির সীমাবদ্ধতা নয়।”

তিনি আরও বলেন, “সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন আন্দোলন করেছে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ আমাদের আন্দোলনের একটি বড় অর্জন। কিন্তু শুধু নামের পরিবর্তন নয়, আমরা চাই প্রকৃত স্বতন্ত্রতা, প্রশাসনিক স্বাধীনতা ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিকার। আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, আর সেই স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রত্যাশা ও প্রশ্ন থেকেই যাবে।”

শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে তারা ইতিবাচক অর্জন হিসেবে দেখলেও এর কাঠামো, প্রশাসনিক ক্ষমতা ও স্বতন্ত্র পরিচয়ের বিষয়গুলো স্পষ্ট হওয়া জরুরি। তাদের প্রত্যাশা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে, যেখানে শিক্ষার্থীরা শুধু বিশ্ববিদ্যালয়ের পরিচয়ই নয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিকার ও মর্যাদাও ভোগ করতে পারবেন।

সাত কলেজের আন্দোলনের মধ্য দিয়ে যে স্বপ্নের সূচনা হয়েছিল, সেই স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন এখন শিক্ষার্থীদের প্রত্যাশার কেন্দ্রে। তাদের প্রশ্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো ঠিকই, কিন্তু ‘সংযুক্ত’ শব্দের আড়ালে কতটা স্বাধীন হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি?

শিক্ষার্থীদের কাছে এই প্রশ্ন কেবল কাঠামোগত নয়; এটি তাদের আন্দোলন, পরিচয়, অধিকার ও ভবিষ্যতের প্রশ্ন।

ট্যাগ:#শিক্ষা#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন