প্রযুক্তি টিপসপ্রধান সংবাদ

বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাল ইউরোপ-জাপানের যৌথ মহাকাশযান

দীর্ঘ আট বছরের রোমাঞ্চকর যাত্রা শেষে অবশেষে সৌরজগতের সূর্যের নিকটতম গ্রহ বুধের কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’। ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে পরিচালিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার ‘মেসেঞ্জার’ অভিযানের পর এবারই দ্বিতীয় কোনো মিশন হিসেবে বৈজ্ঞানিক যান বুধের কক্ষপথে পৌঁছাল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউরোপের তৈরি একটি মডিউল সফলভাবে বুধের কক্ষপথে নিজের স্থান নিশ্চিত করেছে। এর মাধ্যমে সূচনা হলো কয়েক মাসব্যাপী জটিল কৌশলগত অবস্থানের নতুন ধাপ। মিশনটিতে দুটি বৈজ্ঞানিক অনুসন্ধানী যান বা প্রোব রয়েছে—যার একটি ইউরোপের মহাকাশ সংস্থা ও অন্যটি জাপানের ‘অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’র তৈরি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই দুটি যান পৃথক হয়ে ভিন্ন ভিন্ন উচ্চতায় নিজ নিজ কক্ষপথে ঘুরে বৈজ্ঞানিক গবেষণা শুরু করবে।

দীর্ঘ এই যাত্রাপথে মহাকাশযানটি ভেতরে থাকা কিছু বৈজ্ঞানিক সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পায়। গবেষণায় যুক্ত বিজ্ঞানীরা যানটির এক্স-রে ক্যামেরা ‘মারকিউরি ইমেজিং এক্স-রে স্পেকট্রোমিটার’ (এমআইএক্সএস) ১০৫৪ সালে দৃশ্যমান একটি সুপারনোভার অবশিষ্টাংশ ‘ক্র্যাব নেবুলা’র দিকে তাক করে কার্যক্ষমতা পরীক্ষা করেছিলেন। যুক্তরাজ্যভিত্তিক প্লাজমা পদার্থবিদ ও এই অভিযানের অন্যতম প্রধান বিজ্ঞানী এমা বান্স জানান, আন্তঃগ্রহ অভিযানে এটিই প্রথম পাঠানো কোনো এক্স-রে ইমেজিং ডিভাইস।

প্রায় ১৬০ কোটি ইউরো বাজেটের এই বৈজ্ঞানিক প্রকল্পের মাধ্যমে গবেষকরা মহাবিশ্বের বেশ কিছু মৌলিক প্রশ্নের উত্তর পাওয়ার আশা করছেন। এর মধ্যে রয়েছে—সূর্যের এত কাছে বুধ গ্রহটি ঠিক কীভাবে গঠিত হয়েছিল, কেন এর নিজস্ব চৌম্বকক্ষেত্র রয়েছে এবং গ্রহটির স্থায়ীভাবে ছায়াবৃত গর্তগুলোতে লুকিয়ে থাকা বরফের গঠন কী। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত বিজ্ঞানীবৃন্দ।

তবে সূর্য থেকে মাত্র ৩ কোটি ৬০ লাখ মাইল দূরে অবস্থিত বুধ গ্রহের কক্ষপথে যাত্রা ছিল অত্যন্ত জটিল। মহাকাশযানটি সৌরজগতের কেন্দ্রের কাছাকাছি হওয়ায় এর ওপর সূর্যের শক্তিশালী অভিকর্ষ বল কাজ করে। ফলে যানটিকে সোজা ছিটকে যাওয়া এড়াতে দীর্ঘ সময় ধরে গতি কমানো বা ব্রেকিং কৌশল প্রয়োগ করতে হয়েছে। বিজ্ঞানীদের মতে, বুধের ভূ-রাসায়নিক গঠন বিশ্লেষণে ব্যবহৃত সরঞ্জামসমূহ পুরোপুরি সচল হয়ে মূল পর্যবেক্ষণ শুরু হতে আরও কয়েক মাস সময় লাগবে।

পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরের শুরুতে মহাকাশযানটি চূড়ান্তভাবে দুটি অরবিটারে বিভক্ত হবে। এগুলো নির্ধারিত ভিন্ন দুটি মেরু কক্ষপথে নিজেদের অবস্থান নেবে এবং আগামী বছরের এপ্রিলে পুরোদমে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম শুরু হবে। ইউরোপীয় যানটি উচ্চমানের রেজুলিউশনে বুধের পৃষ্ঠের গঠন মানচিত্র তৈরি করবে এবং এর অস্বাভাবিক বড় কেন্দ্রভাগ নিয়ে গবেষণা চালাবে। অন্যদিকে জাপানি প্রোবটি বুধের চৌম্বকক্ষেত্র ও পরমাণুর পাতলা আস্তরণ বা সোডিয়াম এক্সোস্ফিয়ার পরিমাপ করবে।

আয়তনে চাঁদের চেয়ে মাত্র ৫০ শতাংশ বড় হলেও ভরের দিক থেকে বুধ চাঁদের প্রায় চার গুণ। একটি পাথুরে বস্তু হওয়া সত্ত্বেও এটি কেন এত বেশি ঘন, তা উদ্ঘাটন করাও এই মিশনের অন্যতম লক্ষ্য। মহাকাশ যান দুটি থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে, যা গ্রহটির অভ্যন্তরভাগ, পৃষ্ঠভাগ এবং আশপাশের মহাকাশ নিয়ে বিজ্ঞানীদের নতুন ধারণা দেবে।

বুধ গ্রহের নিজস্ব পরিবেশ অত্যন্ত চরমভাবাপন্ন। নিজ অক্ষের ওপর একবার ঘুরতে পৃথিবীর হিসাবে প্রায় ৫৮ দিন সময় লাগে, যার ফলে যেকোনো নির্দিষ্ট অংশে টানা তিন মাস দিনের আলো এবং পরবর্তী তিন মাস অন্ধকার রাত থাকে। দিনে ভূপৃষ্ঠের তাপমাত্রা ৪৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও রাতে তা মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

বিজ্ঞানীরা জানান, এই মহাকাশযানগুলো প্রায় তিন বছর বুধকে প্রদক্ষিণ করবে। এরপর জ্বালানি ফুরিয়ে এলে এবং উচ্চতা কমে গেলে চূড়ান্ত পর্যায়ে যান দুটি বুধের পৃষ্ঠেই আছড়ে পড়বে, ফলে পৃথিবীতে এগুলোর আর ফিরে আসার সুযোগ নেই।

ট্যাগ:#মহাকাশবিজ্ঞান#বুধ গ্রহ#বেপিকলম্বো#মহাকাশ অভিযান#বিজ্ঞান ও প্রযুক্তি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন