বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি হতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করেছে।
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ৫০ এবং চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান হবে ১০০।
প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। বয়স প্রমাণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে।
নীতিমালায় প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ক্যাচমেন্ট এলাকার ৮০ শতাংশ কোটা সংরক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়কে ভর্তি কার্যক্রম শুরুর আগে নিজ এলাকার সম্ভাব্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন শিক্ষার্থী যে এলাকায় বসবাস করবে, সেই এলাকাই তার ক্যাচমেন্ট এলাকা হিসেবে বিবেচিত হবে।
ভর্তিতে কয়েকটি শ্রেণির জন্য কোটা সংরক্ষণের নির্দেশনাও রয়েছে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং এতিমখানার শিশুদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ, ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতি শ্রেণির শাখায় মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে আবেদন করতে হবে।
নীতিমালায় অনলাইনে প্রথম শ্রেণির ভর্তি আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভর্তি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি ও পরিবীক্ষণ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালা অমান্য করে কোনো অবস্থাতেই নির্ধারিত শূন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না।