ব্যয় কমাতে ইউরোপে ৩ হাজার কর্মী ছাঁটাই করল ভোডাফোন

ব্যবসার কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ফিরিয়ে আনা এবং বিস্তৃত ব্যয়সংকোচন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চলতি বছরের প্রথম অর্ধে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন শাখা থেকে ৩ হাজার কর্মী ছাঁটাই করেছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি ভোডাফোন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্তের মাধ্যমে ইউরোপজুড়ে তাদের পরিচালন খরচ প্রায় ২০ কোটি ইউরো হ্রাস করা সম্ভব হয়েছে। এর মধ্যে কেবল যুক্তরাজ্যের বাজার থেকেই সাশ্রয় হয়েছে প্রায় ৫ কোটি ইউরো। ২০২৫ সালে ‘থ্রি ইউকে’-এর সঙ্গে একীভূত হয়ে ‘ভোডাফোনথ্রি’ গঠন করার চুক্তির পরপরই যুক্তরাজ্যে এই ব্যয় সাশ্রয়ের পদক্ষেপ নেয় ভোডাফোন। তবে সেখানকার সদর দপ্তরে ঠিক কতগুলো পদ বিলুপ্ত করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রশাসনিক সেবা প্রদানকারী হাব ভারত ও পূর্ব ইউরোপের শেয়ার্ড সার্ভিসেস অপারেশনসেও এই ছাঁটাই প্রক্রিয়ার বড় প্রভাব পড়েছে। পাশাপাশি জার্মানিতে ব্যবসায়িক গতি ফেরাতে আরও ২ হাজার ৩০০টি পদ বিলুপ্তির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ও শেয়ার্ড অপারেশনের বার্ষিক পরিচালনা ব্যয় ২০০ কোটি ইউরোর বেশি কমানোর দীর্ঘমেয়াদি কৌশল নিয়েছে তারা, কর্মী ছাঁটাইয়ের এই প্রক্রিয়া তারই অংশ।

কঠোর এসব পদক্ষেপে ভোডাফোন গ্রুপের অর্ধবার্ষিক আর্থিক ফলাফলে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। সংস্থাটি তাদের পুরো অর্থবছরের সম্ভাব্য আয়ের লক্ষ্যমাত্রা নতুন করে বাড়িয়েছে। নতুন হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে তাদের বার্ষিক আয় দাঁড়াতে পারে ১ হাজার ৩২০ কোটি থেকে ১ হাজার ৩৪০ কোটি ইউরো, যা নিজস্ব প্রবৃদ্ধির বিচারে প্রায় ৬ থেকে ৮ শতাংশ বেশি। এর আগে জুলাইয়ে তারা আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ১ হাজার ৩০০ কোটি থেকে ১ হাজার ৩৩০ কোটি ইউরো নির্ধারণ করেছিল।

চলতি অর্থবছরের অর্ধবার্ষিক ফলাফলে ইতিবাচক পূর্বাভাস পাওয়া গেলেও বড় অঙ্কের লোকসান গুণতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিকে ভোডাফোন কর-পূর্ব ৩৭ কোটি ৩০ লাখ ইউরো লোকসান হিসাবভুক্ত করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ২১০ কোটি ইউরো মুনাফায়। মূলত জার্মানির বাজারে ৪৮৫ কোটি ইউরোর অস্বাভাবিক ঋণ ও মূল্যহ্রাসজনিত খরচের কারণেই ভোডাফোনকে এই বড় ধাক্কা সামলাতে হচ্ছে।

পরিস্থিতি পর্যালোচনায় ভোডাফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মারগেরিটা দেল্লা ভাল্লে জানান, গ্রুপের সামগ্রিক পারফরম্যান্স সন্তোষজনক হলেও জার্মানিতে তাদের ব্যবসা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি। সেখানকার কার্যক্রমের কাঠামোগত জটিলতা দূর করতে এবং গ্রাহক সন্তুষ্টি বাড়াতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণের পর থেকেই মারগেরিটা দেল্লা ভাল্লে বড় ধরনের ব্যয়সংকোচন নীতি বাস্তবায়ন শুরু করেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটি থেকে মোট ১১ হাজার পদ বিলুপ্ত করা হয়েছে এবং বার্ষিক পরিচালন ব্যয় ৭০ কোটি ইউরো কমানো সম্ভব হয়েছে।

ট্যাগ:#ভোডাফোন#কর্মী ছাঁটাই#আন্তর্জাতিক অর্থনীতি#ইউরোপ#টেলিযোগাযোগ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন