জাতীয়প্রধান সংবাদ

মাথাপিছু আয় বেড়ে তিন হাজার ২০ ডলার

দেশের মাথাপিছু জাতীয় আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মাদারীপুর-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আনিছুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিল ৩ হাজার ২০ ডলার। আগের অর্থবছরে তা ছিল ২ হাজার ৭৬৯ ডলার। একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪৯ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশ হয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ এবং সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশ ছিল। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশে নামানোর লক্ষ্য রয়েছে সরকারের।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণকে সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বর্ণনা করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, সার, পরিবহন ও বিমা ব্যয় বেড়েছে। আমদানি পণ্যের দাম, বিনিময় হারের ওঠানামা এবং সরবরাহের অনিশ্চয়তাও দেশের বাজারে চাপ তৈরি করছে।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে বৈদেশিক সহায়তার অর্থছাড় নিয়ে অর্থমন্ত্রী বলেন, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তার অর্থছাড় ৬০ শতাংশ কমেছে। প্রায় দুই বছর ধরে দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও আন্তর্জাতিক সংকটের কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি তৈরি হয়েছে। অর্থছাড় বাড়াতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দাবি করেন, বৈদেশিক ঋণ সহনীয় পর্যায়ে রাখতে নতুন প্রকল্প ও ঋণের শর্ত যাচাই করা হচ্ছে। বিশেষ করে বেশি সুদ ও স্বল্পমেয়াদি ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার ২৯৫ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি জানান, গত ৩০ জুন পর্যন্ত সরকারের মোট আনুমানিক ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি এবং অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। চলতি অর্থবছরে ঋণের মূলধন ও সুদ পরিশোধে ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৯২ হাজার ৫২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা, অর্থাৎ ৬৮ দশমিক ৬৮ শতাংশ অর্জিত হয়েছে। একই সময়ের মধ্যে ১ হাজার ১৮৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে এবং আমদানিতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় প্রায় ৭ শতাংশ এবং আমদানি ব্যয় ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নজমুন নাহারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের মতো বিমা খাতেও বড় ধরনের বিশৃঙ্খলা রয়েছে। যেসব কোম্পানি গ্রাহকদের পাওনা পরিশোধ করছে না, তাদের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সংসদে আইন আনা হবে।

মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির আয় করমুক্ত রাখা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ৫০ লাখ এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন থেকে অর্জিত আয়ে কর অব্যাহতি রয়েছে। স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় ৯ বছরের জন্য টার্নওভারের ওপর কর অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া কর রিটার্ন দাখিল সহজ করা, কর সংক্রান্ত আপিলের খরচ কমানো এবং বিভিন্ন ব্যবসায়িক খাতে উৎসে কর ও অগ্রিম কর কমানোর উদ্যোগের কথাও জানান তিনি।

ট্যাগ:#অর্থনীতি#মাথাপিছু আয়#জাতীয় সংসদ#অর্থমন্ত্রী#মূল্যস্ফীতি#রাজস্ব
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন