যুক্তরাষ্ট্রে নিজেদের পরামর্শক বা কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের কর্মীদের জন্য এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে বিদেশি প্রযুক্তিকর্মী নিয়োগে ব্যাপক নজরদারি ও কড়াকড়ির মধ্যেই প্রতিষ্ঠানটি এই কঠোর পদক্ষেপ গ্রহণ করল। বর্তমানে আইবিএমের কনসাল্টিং বিভাগে বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী নিয়োজিত রয়েছেন।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, মূলত দক্ষ কর্মীর ঘাটতি পূরণ করতেই আইবিএম কনসাল্টিং এতদিন যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষ কর্মীদের জন্য নির্ধারিত ভিসা কর্মসূচি ব্যবহার করে আসছিল। তবে বেশ কয়েক বছর ধরেই এ কর্মসূচিতে প্রতিষ্ঠানটির অংশগ্রহণ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছিল। তিনি আরও উল্লেখ করেন, দক্ষ কর্মীর প্রাপ্যতা বৃদ্ধি এবং গ্রাহকদের চাহিদায় নানা পরিবর্তন আসার কারণেই অধিকাংশ পরামর্শক পদে নতুন করে ভিসা ও গ্রিন কার্ড স্পনসর না করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নথির বরাতে জানা গেছে, আইবিএমের এই সিদ্ধান্তের কারণে যেসব বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে ভিসা জটিলতায় পড়বেন, তারা দেশটির বাইরে আইবিএমের অন্যান্য আন্তর্জাতিক কার্যালয়ে স্থানান্তরের সুযোগ পেতে পারেন। তবে অন্য কোনো দেশে বদলি হতে না পারলে চলতি বছরের শেষ নাগাদ তাদের চাকরি থেকে অব্যাহতি নিতে হতে পারে।
বিদেশি কর্মী নিয়োগে ট্রাম্প প্রশাসনের নীতিগত কড়াকড়ির সময়েই আইবিএমের এই ঘোষণা সামনে এল। সম্প্রতি মাইক্রোসফট, অ্যাডোবি, কগনিজ্যান্ট, ইনফোসিস এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেসসহ বড় বড় আউটসোর্সিং প্রতিষ্ঠানকে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন (পিইআরএম) প্রক্রিয়া থেকে সাময়িকভাবে স্থগিত করে মার্কিন প্রশাসন। অভিবাসী কর্মীদের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে বিবেচিত হয়। এর আগে নতুন এইচ-১বি ভিসা আবেদনের ওপর এককালীন এক লাখ ডলার ফি আরোপের ঘোষণাও দিয়েছিল মার্কিন প্রশাসন।