দীর্ঘ আট মাসের অপেক্ষার পর গত ১ অক্টোবর চাকরিতে যোগ দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ ব্যাচের ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষক। তবে যোগদানের প্রায় দুই মাস হতে চললেও অধিকাংশ শিক্ষক এখনো কোনো বেতন-ভাতা পাননি। আসন্ন ডিসেম্বরের শুরুতে বেতন প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে নবনিযুক্ত শিক্ষকেরা জানান, তাঁদের পে ফিক্সেশন-সংক্রান্ত তথ্য iBAS++ সিস্টেমে সংশ্লিষ্ট উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরদের আইডিতে দেখা যাচ্ছে না। ফলে কাঙ্ক্ষিত বেতন বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। তবে এর বিপরীতে মাগুরা সদর উপজেলা এবং গাইবান্ধা ও ঝিনাইদহ জেলার কয়েকটি উপজেলায় কিছু শিক্ষক ইতিমধ্যে বেতন পেয়েছেন বলে জানা গেছে।
শিক্ষকদের সুনির্দিষ্ট অভিযোগ, ডিডিওর আইডি থেকে পে ফিক্সেশন ফরওয়ার্ড করার পর তা হিসাবরক্ষণ অফিসে দৃশ্যমান হচ্ছে না। আবার সংশোধনের জন্য ফেরত পাঠালেও অনেক ক্ষেত্রে এডিট মেনুতে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে না। সংশোধন জমা দিতে গেলে প্রায়শই কারিগরি ত্রুটির বার্তা প্রদর্শিত হচ্ছে।
এ বিষয়ে iBAS++ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পে ফিক্সেশনের সমস্ত কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। কারিগরি ত্রুটির কারণে কিছুটা বিলম্ব হতে পারে। তবে ঠিক কবে নাগাদ এই জটিলতার স্থায়ী সমাধান হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তারা এখনো জানাতে পারেনি।