জাতীয়প্রধান সংবাদ

রাজশাহীতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুটি বাসই সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টা ২৫ মিনিটের দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে পার্কিং করে রাখা দুটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে একই রাতে রাজশাহীর চারঘাট উপজেলায় রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রাত সোয়া ১১টার দিকে এই অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটে। এর ফলে ওই রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রেললাইনে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এই অগ্নিসংযোগের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি কিছু সময় সংশ্লিষ্ট এলাকায় আটকে পড়ে। ঘটনার খবর পাওয়ার পরপরই চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া রেললাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি-না, তা পরীক্ষা করতে স্থানীয় রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের পক্ষ থেকে জানানো হয়, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্বদিকে বাগমারী এলাকায় রেললাইনে দুর্বৃত্তরা আগুন দেয়। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাত ১২টা ৫ মিনিটে এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

ট্যাগ:#রাজশাহী#বিআরটিসি বাস#রেললাইন#অগ্নিসংযোগ#অপরাধ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন