শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বাড়ানো হবে এবং শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। একই সঙ্গে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানেরও আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ অডিটোরিয়ামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হবে এবং বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে দূর করা হবে।
শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে। শিক্ষা কার্যক্রম এমন আনন্দদায়কভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশ নিতে পারে।
শিক্ষকদের নিজ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ আন্তরিকতা থাকতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকেও নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার সামগ্রিক উন্নয়নে গৃহীত সব উদ্যোগে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত শিক্ষকেরা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বিদ্যালয়ের সময়সূচি সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নির্ধারণ, মিড ডে মিল চালু করা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ঠিক রাখা, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুব্যবস্থা করা। এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রথা চালু, নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন নির্ধারণ এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের বিশেষ বরাদ্দের দাবি জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন।