শিক্ষক নিয়োগসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা মন্ত্রণালয়ে বেলা ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
এনটিআরসিএ সূত্র জানায়, আজকের এই বৈঠকে মূলত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি পরবর্তী শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও নম্বরবণ্টন নিয়েও আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শূন্য পদের বর্তমান সংখ্যা এবং শিক্ষক নিয়োগ বিধিমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ও বৈঠকে স্থান পাবে।
এসব বিষয়ে বৈঠকে আলোচনা শেষে কী ধরনের সিদ্ধান্ত আসে, সেদিকে তাকিয়ে আছেন শিক্ষক পদপ্রত্যাশীরা। বিশেষ করে ১৮তম নিবন্ধনধারীদের চূড়ান্ত নিয়োগ এবং ১৯তম নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য নতুন সিলেবাস ও নম্বরবণ্টন দ্রুত চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থীরা।