বিশ্ব রাজনীতিপ্রধান সংবাদ

শেনঝেনে ট্রাম্প-পুতিন-শির ঐতিহাসিক বৈঠক, ৪ দফার যৌথ শান্তি ঘোষণা

চীনের শেনঝেন শহরে বিশ্বরাজনীতির অন্যতম প্রভাবশালী তিন পরাশক্তির প্রধানদের একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে চার দফার একটি 'শান্তি ঘোষণাপত্র' প্রকাশ করেন।

বিশ্ব পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে প্রকাশিত এই চার দফার ঘোষণায় বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা এবং কৌশলগত সহযোগিতা জোরদারের ওপর বিশেষ জোর দেওয়া হয়। তিনটি দেশই জাতিসংঘ সংস্কার, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, বৈশ্বিক আইনি নীতিমালার প্রতি সম্মান প্রদর্শন এবং পারমাণবিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে নিজেদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তিন দেশ বিশ্বব্যাপী বিদ্যমান বড় সংঘাত ও চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে আরও সুসংহত করতে জাতিসংঘের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তারা।

জ্বালানি সুরক্ষার বিষয়ে নেতারা সম্মত হন যে, সারা বিশ্বের চাহিদা মেটাতে পরিশোধিত পেট্রোলিয়াম তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি জরুরি। আন্তর্জাতিক বাজারে জ্বালানি প্রবাহ বাধাগ্রস্ত হতে না দিয়ে এর স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর তারা আলোচনা করেন।

আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিয়ে বৈঠকে তিন নেতা স্পষ্ট করেন যে, সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব সম্মতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের আইনগত দায়মুক্তিকে মর্যাদা দিতে হবে। সেই সাথে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যেন নিজেদের নির্ধারিত বিচারিক এখতিয়ারের অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে তারা একমত পোষন করেন।

ঘোষণাপত্রের শেষ দফায় পারমাণবিক যুদ্ধের চরম ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়। এতে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, পারমাণবিক যুদ্ধে বিজয়ী হওয়া অসম্ভব এবং এ ধরনের বিধ্বংসী যুদ্ধ কখনোই কাম্য নয়। পারমাণবিক ঝুঁকি কমানো এবং এই অস্ত্রের বিস্তার রোধ করতে যৌথ সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিন দেশের প্রেসিডেন্ট।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে শেনঝেন শহরে প্রায় ৯০ মিনিট ধরে এই বৈঠক পরিচালিত হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে এর আগে একাধিকবার দ্বিপক্ষীয় আলোচনা হলেও তিনটি পরাশক্তির রাষ্ট্রপ্রধানদের একত্রে এই ধরনের ত্রিপক্ষীয় বৈঠক এটিই প্রথম।

এই যৌথ আলোচনার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে আলাদাভাবেও দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈশ্বিক এই তিন শীর্ষ নেতার আন্তরিকতার পেছনে বিশ্বরাজনীতি ও নিজেদের কৌশলগত অবস্থান সুসংহত করার নিজস্ব নানা সমীকরণ ছিল বলে মনে করা হচ্ছে।

ট্যাগ:#ডোনাল্ড ট্রাম্প#ভ্লাদিমির পুতিন#শি জিনপিং#যৌথ শান্তি ঘোষণা#আন্তর্জাতিক রাজনীতি#বিশ্ব শান্তি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন