জাতীয়প্রধান সংবাদ

সখীপুরে চাঁদাবাজির অভিযোগে চার সাংবাদিক কারাগারে

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকসেবীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় চার সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোর্শেদ খান (৩০), এ আর সুজন (৩০), তাঁদের সহযোগী তানিম আহমেদ (২২) এবং শেখ মনির (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে ওই চার সাংবাদিক উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দেওবাড়ী গ্রামের চাকলাপাড়া এলাকায় বাচ্চু পাগলার বাড়িতে যান। সেখানে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে তাঁরা ভিডিও ধারণ করেন।

পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মাদকসেবীদের কাছে এক লাখ টাকা দাবি করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। একপর্যায়ে মাদকসেবীরা তাঁদের আট হাজার টাকা দেন। বাকি টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হলে বিষয়টি স্থানীয় লোকজনকে জানান মাদকসেবীরা। পরে স্থানীয় রাজনৈতিক নেতা ও এলাকাবাসী ওই চার সাংবাদিককে আটক করে দেওবাড়ী বাজারে নিয়ে যান। এ সময় তাঁদের কাছ থেকে চাঁদা হিসেবে নেওয়া আট হাজার টাকা উদ্ধার করা হয় এবং পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শনিবার সকালে দেওবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁদের টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে নেওয়ার পূর্বে সাংবাদিক মোর্শেদ খান দাবি করেন, তাঁরা কোনো চাঁদাবাজি করেননি বরং স্থানীয় মহলের মাধ্যমে অন্যায় পরিস্থিতির শিকার হয়েছেন। অন্যদিকে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, মাদকসেবীরা অপরাধী হলেও তাঁদের পুলিশে না দিয়ে টাকা নেওয়া এবং সাংবাদিকদের চাঁদা আদায়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজহারুল ইসলাম জানান, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই চার সাংবাদিককে দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগ:#সখীপুর#টাঙ্গাইল#সাংবাদিক গ্রেপ্তার#চাঁদাবাজি#অপরাধ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন