স্বাস্থ্যসেবাপ্রধান সংবাদ

সুষম খাদ্যাভ্যাস ও সচেতনতায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব

ডায়াবেটিস প্রতিরোধ, সঠিক সময়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা শুরু করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে বিজ্ঞানসম্মত ও সুষম খাদ্যাভ্যাস। ডায়াবেটিসে আক্রান্ত হওয়া কিংবা এর ঝুঁকিতে থাকা মানেই পছন্দের সব খাবার বন্ধ করে দেওয়া নয়। বরং কোন ধরনের খাবার কীভাবে এবং ঠিক কী পরিমাণে গ্রহণ করতে হবে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখাই মূল বিষয়।

বিশ্বজুড়ে প্রায় ৬০ কোটির বেশি মানুষ বর্তমানে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিতে রয়েছেন। সঠিক জীবনযাত্রা অনুসরণের মাধ্যমে এই ঝুঁকি প্রতিরোধ বা পিছিয়ে দেওয়া সম্ভব। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রায় অর্ধেকই প্রাথমিক অবস্থায় জানেন না যে তারা এই রোগে ভুগছেন। দীর্ঘদিন ধরে রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে হৃদ্‌রোগ, কিডনির জটিলতা, দৃষ্টিশক্তি হ্রাস ও স্নায়ুর ক্ষয়ক্ষতির মতো মারাত্মক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। রক্তে শর্করার সাধারণ একটি পরীক্ষার মাধ্যমে খুব সহজে এটি শনাক্ত করা সম্ভব। তাই পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে বা অতিরিক্ত ওজন থাকলে বছরে অন্তত একবার রক্ত পরীক্ষা করানো উচিত।

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক পরিশ্রম করা এবং সুষম খাদ্য গ্রহণ জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনে। বিশেষ করে প্রিডায়াবেটিস বা ডায়াবেটিস-পূর্ববর্তী পর্যায়টি জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার সেরা সময়। এ সময় সচেতন হলে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করা যায়।

প্রতিদিনের খাদ্য উপাদানের সঙ্গে রক্তে গ্লুকোজের মাত্রার সরাসরি সম্পর্ক রয়েছে। পরিকল্পিত খাবার শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিভিন্ন অঙ্গের জটিলতা প্রতিরোধে সহায়তা করে। বিশেষ করে যাঁরা ইনসুলিন বা ওষুধ সেবন করেন, তাঁদের জন্য খাবারের সাথে ওষুধের মাত্রার সামঞ্জস্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ডায়াবেটিক রোগীর দৈনন্দিন মোট ক্যালরির ৫০ থেকে ৬০ শতাংশ শর্করা, ১৫ থেকে ২০ শতাংশ প্রোটিন এবং সর্বোচ্চ ৩০ শতাংশ স্বাস্থ্যকর ফ্যাট বা চর্বি থেকে আসা প্রয়োজন।

শর্করার ক্ষেত্রে সাধারণ চিনি বা প্রক্রিয়াজাত খাবারের বদলে ফাইবারযুক্ত ও জটিল শর্করা যেমন আটার রুটি, লাল চালের ভাত, ওটস ও চিড়া খাওয়া বেশি উপকারী। ফাইবার সমৃদ্ধ খাবার ধীরে ধীরে হজম হওয়ার কারণে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বাড়ে না। তবে ভাত বা রুটির পরিমাণ পরিমিত হওয়া আবশ্যক। পাশাপাশি খাদ্যতালিকায় মাছ, চর্বিহীন মাংস, ডিম, দুধ এবং উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে ডাল, বাদাম ও বিভিন্ন বীজ রাখা দরকার, যা ক্ষুধা মেটাতে ও পেশি গঠনে সাহায্য করে।

প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল থেকে পাওয়া আঁশ রক্তে গ্লুকোজ শোষণের গতি কমায় এবং ক্ষতিকর কোলেস্টেরল হ্রাস করে। ফল ও সবজিতে থাকা বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে ভূমিকা রাখে। অন্যদিকে রান্নায় সর্ষের তেল, অলিভ অয়েল বা সূর্যমুখী তেলের মতো অসম্পৃক্ত স্বাস্থ্যকর তেল পরিমিত ব্যবহারে বিশেষ উপকার মেলে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে বা প্রতিরোধে খাদ্যতালিকা সাজানোর ক্ষেত্রে 'প্লেট মেথড' বা আদর্শ থালা পদ্ধতি অনুসরণ করা যায়। এতে একটি থালাকে তিনটি ভাগে ভাগ করে শাকসবজি, শর্করা ও প্রোটিনের সঠিক সমন্বয় ঘটানো হয়। একই সাথে প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয়, অতিরিক্ত চিনি, লবণ ও ট্রান্স ফ্যাটযুক্ত ডুবোতেলে ভাজা খাবার পুরোপুরি বর্জন বা অত্যন্ত সীমিত করা জরুরি। এ ধরনের খাবার রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বাড়িয়ে হৃদ্‌রোগের ঝুঁকি তৈরি করে।

শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ৬ থেকে ৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুমের পাশাপাশি নিয়মিত ব্যায়াম বা শারীরিক কসরত সুস্বাস্থ্য নিশ্চিতে মুখ্য ভূমিকা পালন করে। দৈনন্দিন শারীরিক সামর্থ্য ও খাবারের সহজলভ্যতার সাথে মিল রেখে সুষম খাদ্যাভ্যাস গড়ে তুললে ডায়াবেটিস থাকলেও পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব।

ট্যাগ:#ডায়াবেটিস#খাদ্যাভ্যাস#স্বাস্থ্যসেবা#সুষম খাদ্য#সুস্থতা
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন