ক্যাম্পাস সংবাদপ্রধান সংবাদ

১০ নভেম্বরের অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি

গত ১০ নভেম্বর নিষিদ্ধ সংগঠনের ধর্মঘটের দিনে যেসব শিক্ষক ক্লাসে অনুপস্থিত ছিলেন, তাদের তালিকা চেয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যেসব শিক্ষক ১০ নভেম্বর ক্লাসে উপস্থিত ছিলেন না, তাদের নামের তালিকা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে অনুষদসমূহের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষক ওই দিন ক্লাস নেওয়া থেকে বিরত ছিলেন বলে নিশ্চিত হওয়ার পরই এই উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, এই ধরনের অস্বাভাবিক পরিস্থিতিতে কোনো শিক্ষক ক্লাসে না আসার পেছনের কারণ কী, তিনি ভীতসন্ত্রস্ত ছিলেন কি না কিংবা তাকে কোনো রকম হুমকি দেওয়া হয়েছিল কি না—তা খতিয়ে দেখতেই এই নোটিশ জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, “অনেক শিক্ষক ১০ নম্বরের আগের দিনই তাদের ক্লাস বাতিল করেছিলেন কিংবা ওই দিন ক্লাসে আসেননি। প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এই তথ্যের মাধ্যমে বাস্তব পরিস্থিতি অনুধাবন করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহজ হবে।”

শিক্ষকদের রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, কোনো শিক্ষকের নিজস্ব আদর্শিক অবস্থান থাকতেই পারে, তবে এটি প্রশাসনের কাছে সম্পূর্ণ একাডেমিক ও প্রাতিষ্ঠানিক বিষয়। পূর্ণাঙ্গ তালিকা হাতে এলে অনুপস্থিতির সঠিক কারণ জানা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্যাগ:#ঢাকা বিশ্ববিদ্যালয়#ঢাবি শিক্ষক#শিক্ষা#ক্যাম্পাস সংবাদ#শিক্ষক অনুপস্থিতি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন