ষোল বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এ নীতিমালা প্রণয়নে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এসব নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর রিট আবেদনটি দায়ের করেন। আদালত চার সপ্তাহের রুলও জারি করেছে। রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নীতিমালা প্রণয়ন ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদেশের পর আইনজীবী সাংবাদিকদের জানান, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে নানাভাবে তারা প্রভাবিত হচ্ছে, অনেকের মধ্যে একাকিত্ব ও হতাশা দেখা দিচ্ছে এবং শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রিট আবেদনে বলা হয়, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি বা ৮৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমার চেয়ে এ সময় বেশি। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার ঘণ্টা ব্যয় করে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুরা রাতে পর্যাপ্ত ঘুমানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অথচ এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন আট থেকে দশ ঘণ্টা ঘুম প্রয়োজন।
গবেষণায় জানানো হয়, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে এবং অতিরিক্ত সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি। শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া এবং সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।