২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত এবং আগামী দুই-তিন দিনের মধ্যেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হলে চলতি নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হবে।
তবে এইচএসসি পরীক্ষায় এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া যেসব শিক্ষার্থী মানোন্নয়ন পরীক্ষা দিচ্ছেন, তারা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না। কারণ, মানোন্নয়ন পরীক্ষা শুরুর আগেই মেডিকেল ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে মানোন্নয়ন পরীক্ষা শুরু হয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।
এদিকে আগামী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় ঠাকুরগাঁও ও নরসিংদীতে নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ যুক্ত হচ্ছে। নতুন এ দুটি প্রতিষ্ঠানে ৫০টি করে মোট ১০০টি আসন বৃদ্ধি পাবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র জানায়, মোট আসনসংখ্যা ও ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে দু-এক দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভার সিদ্ধান্তের পরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হবে।