২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
শিক্ষা বোর্ডের এক চিঠিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে গ্রহণের লক্ষ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভাটি ঢাকা শিক্ষা বোর্ডের ৪ নম্বর ভবনের ৮ম তলার মিলনায়তনে সকাল ১০টায় শুরু হবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সব এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (কোনো প্রতিনিধি পাঠানো যাবে না) যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।