আজ বিকেলে প্রকাশ হচ্ছে এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল সোমবার প্রকাশ করা হচ্ছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এ ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

পূর্বনির্ধারিত সময় সকাল ১১টার পরিবর্তে সময় পরিবর্তন করে আজ বিকেল ৩টায় ফল প্রকাশের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের ফল জানার জন্য তিনটি মাধ্যম রাখা হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে, কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকে এবং আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

আন্তশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। বোর্ডভিত্তিক আবেদনের পরিসংখ্যানে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা উত্তরপত্রের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বোর্ড, যেখানে আবেদন পড়েছে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।

এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোরে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি, সিলেটে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। ওই ফলাফলে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছিলেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। মূল ফল প্রকাশের পর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

ট্যাগ:#এইচএসসি#পুনর্নিরীক্ষণ#ফলাফল#শিক্ষা বোর্ড#পরীক্ষা
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন