বিশ্ব রাজনীতিপ্রধান সংবাদ

আলীগড় বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি নির্বাচিত নাশরা

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে নারী প্রার্থীরা ভিপি পদসহ ১৩টি পদের মধ্যে ৬টিতে জয়লাভ করে এক অভূতপূর্ব ইতিহাস সৃষ্টি করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফলাফল ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়টির ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ছাত্র সংসদের ভিপি বা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাশরা নাঈম। তিনি ৭০৯১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিব আলি খানকে পরাজিত করেছেন, যিনি পেয়েছিলেন ৫৮১৮ ভোট। এছাড়া এএমইউ-র ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্যের ১০টি পদের মধ্যে রেকর্ড সংখ্যক ৫টি পদে জয়ী হয়েছেন নারী প্রার্থীরা।

ছাত্র সংসদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান। দীর্ঘ আট বছর বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন, এই নির্বাচনে ক্যাম্পাসকেন্দ্রিক সমস্যার পাশাপাশি জাতীয় ইস্যুগুলোও গুরুত্ব পেয়েছে।

এএমইউ-এর উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে স্বাগত জানিয়ে একে প্রতিষ্ঠানের সর্বোচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের মহাবিজয় হিসেবে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি নারী ক্ষমতায়ন ও ছাত্রসংসদে নারীদের ক্রমবর্ধমান প্রতিনিধিত্বের প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারকালে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

ট্যাগ:#আলীগড় বিশ্ববিদ্যালয়#নাশরা নাঈম#নারী নেতৃত্ব#ছাত্র সংসদ নির্বাচন#আন্তর্জাতিক
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন