কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্পবর্জ্যের কারণে গোমতী নদী এবং আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এই দূষণের ফলে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হতে বাধ্য হয়েছে। জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে এই তথ্য তুলে ধরেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি উল্লেখ করেন, গোমতী নদী এবং এর দুই পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন এবং নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় স্বাভাবিক পানিনিষ্কাশন সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ইপিজেডের অপরিশোধিত বর্জ্য সরাসরি স্থানীয় খালে ফেলা হচ্ছে। এর ফলে জলাশয়ের মাছসহ অন্যান্য জলজ প্রাণী বিলুপ্ত হচ্ছে এবং ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পরিবেশগত এই বিপর্যয়ের কারণে স্থানীয় মানুষ ক্যানসারের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ তুলে তিনি দাবি করেন, প্রভাবশালী মহণেকে অনৈতিক সুবিধা দিয়ে শোধনাগার ছাড়াই বর্জ্য খালে ফেলা হচ্ছে। পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, তাঁর বক্তব্য অসত্য প্রমাণিত হলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন।
পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে একাধিকবার প্রতিবেদন জমা দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং ক্ষতিপূরণের নির্দেশও বাস্তবায়ন করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। অবিলম্বে কুমিল্লা, নোয়াখালী ও এর আশেপাশের অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল পুনঃখনন এবং বর্জ্যদূষণ চিরতরে বন্ধ করার জোরালো দাবি জানান তিনি।
সংসদে উত্থাপিত এসব প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী জানান, গোমতী নদীর নাব্য হ্রাস, অবৈধ উপায়ে মাটি ও বালু উত্তোলন এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষয়ক্ষতির বিষয়গুলো সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মন্ত্রী আরও বলেন, কেবল নদী খনন করেই এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়। অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধ করতে কঠোর প্রশাসনিক ও কারিগরি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ লক্ষ্যে নদীর সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ, নিয়মিত অভিযান পরিচালনা এবং স্যাটেলাইট চিত্র ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা জেলার সমন্বিত নদী, বন্যা ও পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে বর্তমানে একটি সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলমান রয়েছে।