বিশ্ব রাজনীতিপ্রধান সংবাদ

এআই দিয়ে পরীক্ষার নকল: দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তীব্র সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। আজ রোববার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং। গত রোববার কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেন। দেশটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নেওয়া বার্ষিক সুনেউং পরীক্ষার মাত্র চার দিন আগে এই ঘটনা প্রকাশ্যে আসে। এর ফলে দেশজুড়ে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ায় সুনেউং পরীক্ষা প্রতিবছর অনুষ্ঠিত হয়। ৯ ঘণ্টার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার ওপর শিক্ষার্থীদের ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি এবং সামাজিক অবস্থান বহুলাংশে নির্ভর করে। পরীক্ষায় নকলের ওই ঘটনার পর অসদুপায় ঠেকাতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করা এবং পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়। তবে এসব উদ্যোগের পরও জনমনে আস্থা ফেরাতে ব্যর্থ হন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি জানান, পরীক্ষা শেষ হয়েছে এবং তিনি এই পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার নিয়ে পদত্যাগ করছেন। এর আগে পার্লামেন্টের শুনানিতে পরীক্ষার দিনে জালিয়াতি শনাক্তে কর্তৃপক্ষ সক্ষম কি না—এমন প্রশ্নের জবাবে ৭২ বছর বয়সী চোই বলেছিলেন যে বয়সের কারণে তিনি আত্মবিশ্বাসী নন। তাঁর এই মন্তব্য জনমনে আরও ক্ষোভের সৃষ্টি করে।

সুনেউং পরীক্ষা নির্বিঘ্নে আয়োজন করতে দক্ষিণ কোরিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষার সময় স্মার্ট ডিভাইস বন্ধ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের চশমা, ঘড়ি ও পোশাকেও লুকানো ক্যামেরা শনাক্তে তল্লাশি চালানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংশ্লিষ্ট অসদাচরণের ১১১টি ঘটনা শনাক্ত হয়েছে, যার প্রায় অর্ধেকই ধরা পড়ে সরকারের পাঠানো জরুরি সতর্কবার্তার মাধ্যমে। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষকের যোগ্যতা পরীক্ষায় নকল করে প্রথম হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই পরীক্ষার্থী স্বীকার করেছিলেন যে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠিয়ে তিনি সঠিক উত্তর সংগ্রহ করেছিলেন। এই চাঞ্চল্যকর ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঘিরে তৈরি হওয়া উদ্বেগের প্রেক্ষাপটে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন।

ট্যাগ:#দক্ষিণ কোরিয়া#শিক্ষামন্ত্রী#পদত্যাগ#এআই জালিয়াতি#সুনেউং পরীক্ষা
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন