ক্যাম্পাস সংবাদপ্রধান সংবাদ

এইচএসসি পুনর্নিরীক্ষণ: ফেল থেকে পাস ৫৫৪৮, জিপিএ-৫ ১৬২০

এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, পূর্বে অকৃতকার্য হওয়া ৫ হাজার ৫ ৪৮ জন পরীক্ষার্থী নতুন করে পাস করেছেন। একইসঙ্গে পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ১ হাজার ৬২০ জন শিক্ষার্থী। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের এই সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করা হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে মোট ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে, যা মোট আবেদনকারীর ৭ দশমিক ৯৫ শতাংশ।

পুনর্নিরীক্ষণে অকৃতকার্য থেকে কৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ১৮২ জন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের, ২ হাজার ২২৪ জন কারিগরি শিক্ষা বোর্ডের এবং ১৪২ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ছিলেন। অর্থাৎ, ফেল থেকে পাস করা মোট শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০ শতাংশই কারিগরি শিক্ষা বোর্ডের। সাধারণ বোর্ডগুলোর মধ্যে ময়মনসিংহ বোর্ডে সর্বোচ্চ ৬৫৪ জন ফেল থেকে পাস করেছেন। এছাড়া ঢাকা বোর্ডে ৫৯২, কুমিল্লায় ৫০৭, দিনাজপুরে ৪৭৮ এবং যশোরে ৩৫৭ জন শিক্ষার্থী অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন।

অন্যদিকে, নতুন করে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৬২০ জনের মধ্যে সাধারণ নয়টি বোর্ডে ১ হাজার ৪১১ জন, মাদ্রাসা বোর্ডে ১৭১ জন এবং কারিগরি বোর্ডে ৩৮ জন রয়েছেন। সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৪৬৫ জন শিক্ষার্থী নতুন জিপিএ-৫ পেয়েছেন। এর পরেই রয়েছে ময়মনসিংহ বোর্ড (২৭৪ জন) ও যশোর বোর্ড (১৬৩ জন)।

সব মিলিয়ে ফলাফল পরিবর্তনের মোট সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড, যেখানে ৫ হাজার ৮৫৩ জনের ফল বদলেছে। এছাড়া কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮১৩ এবং ময়মনসিংহ বোর্ডে ২ হাজার ৬৬৮ জনের ফল পরিবর্তন হয়েছে। তবে আবেদনকারীদের অনুপাতে ফল পরিবর্তনের হারে সবচেয়ে এগিয়ে ময়মনসিংহ বোর্ড (১৪.১৪ শতাংশ)। এরপর কারিগরি শিক্ষা বোর্ডে ১৩.২৩ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে ১১.১৭ শতাংশ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন দেখা গেছে। সব মিলিয়ে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৯ হাজার ৭১০ জন, কারিগরি বোর্ডে ২ হাজার ৩০৭ জন এবং মাদ্রাসা বোর্ডে ১ হাজার ১২৮ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।

ট্যাগ:#এইচএসসি#ফল পুনর্নিরীক্ষণ#শিক্ষা বোর্ড#পরীক্ষা#পাস#জিপিএ-৫
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন