বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর অভিন্ন প্রশ্নপত্রে দুই কোর্সের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো অভিন্ন প্রশ্নে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রকাশিত নীতিমালা অনুযায়ী, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট সর্বনিম্ন জিপিএ ৮.৫ থাকতে হবে। তবে অনগ্রসর জনগোষ্ঠীর সব উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসিতে যৌথভাবে সর্বনিম্ন জিপিএ ৮ এবং জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩ থাকা বাধ্যতামূলক। এছাড়া ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ ও ইংরেজিতে পরীক্ষা দিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য আলাদা ইংরেজি প্রশ্নপত্র থাকবে।
এইচএসসি বা সমমানের সিলেবাসের ভিত্তিতে মোট ১০০টি বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের ওপর লিখিত পরীক্ষা নেওয়া হবে। ১০০ নম্বরের এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা সময় পাবেন ১ ঘণ্টা ১৫ মিনিট। নম্বর বণ্টনে পদার্থবিজ্ঞানে ১৫, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে এবং সর্বনিম্ন ৪০ নম্বর না পেলে পরীক্ষার্থী অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন।
ভর্তির পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করতে হবে। একজন শিক্ষার্থী কেবল একবারই আবেদনের সুযোগ পাবেন। তবে অনলাইনে আবেদন ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর সর্বোচ্চ দুইবার কলেজের পছন্দক্রম পরিবর্তন করা যাবে। এছাড়া ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল বা বিদেশি শিক্ষাবোর্ডে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নম্বরপত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক সমন্বয় করা হবে।
ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের পাশাপাশি এসএসসির জিপিএ-কে ৮ গুণ এবং এইচএসসির জিপিএ-কে ১২ গুণ করে প্রাপ্ত স্কোর দিয়ে সমন্বিত মেধাতালিকা তৈরি করা হবে। তবে ২০২৫ সালে এইচএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের অর্জিত মোট নম্বর থেকে ৩ নম্বর এবং আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা যাবে। প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে তৈরি মেধাক্রম, কোটা ও পছন্দক্রম অনুযায়ী চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।