ভর্তিপ্রধান সংবাদ

বুটেক্সে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন শুরু হবে। আগ্রহীরা আগামী বছরের ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। প্রাথমিক আবেদন ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য ও শর্তাবলি নিশ্চিত করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি শুক্রবার সকালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে সর্বমোট ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ পেতে হবে। এর পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৬.৫০ থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে প্রতিটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ১৪ হাজার প্রার্থীর তালিকা আগামী ১৫ জানুয়ারি প্রকাশ করা হবে। বাছাই করা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের ১ হাজার ২০০ টাকা ফি প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত।

নির্ধারিত সূচি অনুযায়ী ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। যার মধ্যে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি।

লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর পাওয়া প্রার্থীরা এই মেধাতালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের আসন বণ্টন অনুযায়ী—ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রাখা হয়েছে। এ ছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে ৪০টি করে আসন। আর টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি নেওয়া হবে ৩০ জন শিক্ষার্থী।

ট্যাগ:#বুটেক্স#ভর্তি পরীক্ষা#টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং#উচ্চশিক্ষা#বিশ্ববিদ্যালয় ভর্তি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন