আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা। তিনি জানেন মানুষের জন্য কোন বিধান কখন কল্যাণকর এবং কোন পরিস্থিতিতে কেমন দিকনির্দেশনা উপযোগী। একসময় কার্যকর কোনো বিধানের স্থলে পরবর্তী ওহির মাধ্যমে অন্য বিধান আসার মধ্যে গভীর প্রজ্ঞা নিহিত রয়েছে। শরিয়তের পরিভাষায় বিধানের এই পরিবর্তনকে বলে নাসখ। কিন্তু প্রশ্ন ওঠে, এই পরিবর্তন কি আগের বিধানের কোনো ত্রুটি সংশোধন, নাকি এর পেছনে রয়েছে বান্দার সামগ্রিক কল্যাণ ও নিখাদ আনুগত্যের পরীক্ষা।
রহিতকরণ শব্দের আরবি প্রতিশব্দ নাসখ। এর আভিধানিক অর্থ অপসারণ করা, পরিবর্তন করা বা এক বস্তুর স্থলে অন্য কিছু প্রতিস্থাপন করা। পরিভাষায় নাসখ হলো পরবর্তী কোনো শরিয়তসম্মত দলিলের মাধ্যমে পূর্ববর্তী কোনো বিধানের কার্যকারিতা সমাপ্ত হওয়া। কোরআনেই বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সুরা বাকারার ১০৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম অথবা তার অনুরূপ কিছু নিয়ে আসি। এই আয়াত প্রমাণ করে যে বিধান রহিত করা সম্পূর্ণ আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও ইচ্ছার অধীন। তাঁর কোনো সিদ্ধান্তই অজ্ঞতা, ভুল, অপারগতা কিংবা অসহায়ত্বের ফল নয়। রহিত বিধানের পরিবর্তে আগত নতুন নির্দেশ মানুষের জন্য অধিক উপকারী বা সহজতর হয়, আবার কখনো তা আগেরটির সমতুল্যও হতে পারে।
ইসলামি আইনজ্ঞ ও তাফসিরবিদরা নাসখ পদ্ধতিকে মূলত তিন ভাগে ভাগ করেছেন। প্রথমত, তিলাওয়াত বা পাঠ্যরূপ বহাল থাকে কিন্তু বিধান রহিত হয়। কোরআনে এ ধরনের উদাহরণই বেশি আলোচিত। দ্বিতীয়ত, পাঠ্যরূপ রহিত হয় কিন্তু বিধান বহাল থাকে। তৃতীয়ত, পাঠ্যরূপ ও বিধান উভয়ই রহিত হয়। এ কারণে কোনো আয়াতের পাঠ্যরূপ কোরআনে থাকা মানেই তার বিধান সর্বকালের জন্য কার্যকর, এমন ধারণা যেমন সঠিক নয়; তেমনি বিধান রহিত হলে আল্লাহর বাণী হিসেবে আয়াতের মর্যাদা কমে যায়, এ ধারণাও ভুল। বিধানের কার্যকারিতা এবং আল্লাহর বাণী হিসেবে আয়াতের সম্মান দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।
মানুষের সামর্থ্য ও সামাজিক বাস্তবতা বিবেচনায় শরিয়তের কোনো বিধান এক সময়ে এক রকম এবং অন্য সময়ে ভিন্ন হতে পারে। নাসখের অন্যতম তাৎপর্য হলো আল্লাহর নির্ধারিত সময়ে বান্দার জন্য উপযোগী বিধান কার্যকর হওয়া। এর একটি সুস্পষ্ট দৃষ্টান্ত যুদ্ধক্ষেত্রে মুমিনদের দৃঢ়তাসংক্রান্ত বিধান। সুরা আনফালের ৬৫ নম্বর আয়াতে প্রথমে নির্দেশ ছিল বিশজন ধৈর্যশীল মুমিন দুইশত শত্রুর ওপর বিজয়ী হবে, অর্থাৎ একজন মুমিনের বিপরীতে দশজনের মোকাবিলার অনুপাত। এর পরের আয়াতেই বলা হয়, এখন আল্লাহ তোমাদের ভার লাঘব করে দিলেন এবং তিনি জানেন যে তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। এখানে দায়িত্ব হালকা করে একজনের বিপরীতে দুজনের অনুপাত নির্ধারণ করা হয়। আল্লাহ শুরু থেকেই মুমিনদের শক্তি ও দুর্বলতা জানতেন। সময়ের বাস্তবতা অনুযায়ী বিধানের ভার লাঘব করা হয়েছে মাত্র। সহজতার এই নীতি মূলত শরিয়তের সাধারণ শিক্ষারই প্রতিফলন।
আয়াত রহিত করার আরেকটি বড় তাৎপর্য হলো ক্রমান্বয়ে মানুষকে বড় সামাজিক পরিবর্তনের জন্য প্রস্তুত করা। তৎকালীন সমাজে মদের অভ্যাস ছিল অত্যন্ত গভীর। তাই আল্লাহ তাআলা এক আদেশে তা নিষিদ্ধ না করে ধাপে ধাপে সমাজকে প্রস্তুত করেছেন। প্রথমে সুরা বাকারায় বলা হয় মদে উপকারের চেয়ে পাপের অংশ বেশি। এরপর সুরা নিসায় নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেতে নিষেধ করা হয়। সবশেষে সুরা মায়িদায় মদকে শয়তানের অপবিত্র কাজ আখ্যা দিয়ে তা সম্পূর্ণ বর্জনের চূড়ান্ত নির্দেশ জারি করা হয়। প্রতিটি ধাপ নিজ নিজ সময়ে যথার্থ ছিল এবং তা চূড়ান্ত বিধানের পথ সুগম করেছে।
কিবলা পরিবর্তন হলো নাসখের মাধ্যমে আনুগত্য পরীক্ষার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিরা প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। পরে আল্লাহর নির্দেশে কাবা শরিফ মুসলমানদের নতুন কিবলা নির্ধারিত হয়। সুরা বাকারার ১৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনি আগে যে কিবলার ওপর ছিলেন, তা এ উদ্দেশ্যেই নির্ধারণ করেছিলাম যাতে প্রকাশ পায় কে রাসুলের অনুসরণ করে আর কে পেছনে ফিরে যায়। দীর্ঘদিনের অভ্যস্ত একটি দিক পরিবর্তন করে নতুন নির্দেশ মেনে নেওয়ার মধ্য দিয়েই স্পষ্ট হয় কার আনুগত্য প্রকৃত অর্থে আল্লাহর প্রতি অবিচল। ইবাদতের মূল ভিত্তি মানুষের নিজস্ব পছন্দ বা সমাজের অভ্যাস নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও নির্দেশ।
নাসখ নিয়ে ভ্রান্ত ধারণার প্রধান কারণ হলো একে মানুষের আইন পরিবর্তনের সঙ্গে মেলানো। মানুষের জ্ঞান সীমিত এবং সে ভবিষ্যৎ জানে না। ফলে আগের আইনে ত্রুটি দেখা দিলে কিংবা ভুল ধরা পড়লে মানুষ তা পরিবর্তন করে। কিন্তু আল্লাহর জ্ঞান অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে পরিব্যপ্ত করে আছে। কোন বিধান কখন কার্যকর হবে, কত দিন থাকবে এবং কখন তার স্থলে নতুন বিধান আসবে, সবই তাঁর অনাদি জ্ঞানের অন্তর্ভুক্ত। একজন দক্ষ চিকিৎসক যেমন রোগীর বর্তমান অবস্থা দেখে ওষুধ দেন এবং আগেই জানেন কয়েক দিন পর অবস্থা বদলালে অন্য ওষুধ লাগবে, বিষয়টিও তেমনি। পরে ওষুধ বদলানো চিকিৎসকের আগের সিদ্ধান্ত ভুল প্রমাণ করে না, বরং তা পূর্বনির্ধারিত আরোগ্য প্রক্রিয়ারই অংশ।
তবে নাসখ কোনো ঢালাও বা মানুষের ইচ্ছাধীন বিষয় নয়। নিজের যুক্তি, ব্যক্তিস্বার্থ বা আধুনিকতার দোহাই দিয়ে কোরআনের কোনো বিধানকে রহিত দাবি করা যায় না। বিধান রহিত হয়েছে কি না তা প্রমাণের জন্য সংশ্লিষ্ট আয়াত, সুনির্দিষ্ট হাদিসের দলিল এবং নির্ভরযোগ্য ঐতিহাসিক বর্ণনা থাকা আবশ্যক। একই সঙ্গে দুটি আয়াতের মধ্যে কোনো গ্রহণযোগ্য উপায়ে সমন্বয় সম্ভব না হলেই কেবল নাসখের সিদ্ধান্ত আসে। তাছাড়া নাসখের আলোচনা মূলত আদেশ, নিষেধ ও করণীয় বিধানের সঙ্গে সম্পর্কিত। কোরআনে বর্ণিত ঈমানি বিশ্বাস বা অতীতের কোনো ঐতিহাসিক ঘটনা কখনো রহিত হওয়ার আওতায় পড়ে না।
কোরআনের বিধান রহিতকরণের গভীর দর্শন অনুধাবন করলে আল্লাহর অসীম জ্ঞান, প্রজ্ঞা ও বান্দার প্রতি অশেষ অনুগ্রহের নানা দিক উন্মোচিত হয়। একজন মুমিনের দায়িত্ব হলো কোরআন ও সুন্নাহর নির্দেশনার সঠিক মর্ম উপলব্ধি করা এবং আল্লাহর প্রজ্ঞাময় নির্দেশের সামনে নিজের বুদ্ধিকে শ্রেষ্ঠ না ভেবে সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করা।