অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ক্ষতিকর কনটেন্ট ও ফিচার নিয়ন্ত্রণে ব্যর্থতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। প্ল্যাটফর্ম থেকে ক্ষতিকর বিষয়বস্তু নির্মূল করতে না পারলে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে—এমন বিধান রেখে নতুন আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট।
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে 'ডিজিটাল ডিউটি অব কেয়ার' নামের আইনটি কার্যকর করা হবে। অনলাইন আচরণের ক্ষেত্রে প্রচলিত সব খণ্ডিত বিধিমালার স্থলাভিষিক্ত হয়ে এটি একটি পূর্ণাঙ্গ এবং সর্বজনীন আইন হিসেবে প্রযোজ্য হবে।
অস্ট্রেলিয়া সরকারের মতে, নতুন এ আইনের ফলে নাগরিকদের ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করার প্রাথমিক ও প্রধান দায়িত্ব সরাসরি প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ওপরই বর্তাবে। এর আগেও বিভিন্ন সময় ডিজিটাল পণ্যের বাজার নিয়ন্ত্রণের বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য দেখা গেছে। উল্লেখ্য, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল দেশটি। পাশাপাশি সংবাদ ব্যবহারের বিপরীতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে লাইসেন্স ফি আদায়ের উদ্যোগও রয়েছে সেখানে।
আইন পাসের পর দেশটির যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস জানান, বাধ্যতামূলক সিটবেল্ট বা আগ্নেয়াস্ত্র সংস্কারের মতোই 'ডিজিটাল ডিউটি অব কেয়ার' একটি যুগান্তকারী নিরাপত্তা পদক্ষেপ। তিনি স্পষ্ট করে বলেন, নিজেদের প্ল্যাটফর্মে নাগরিকদের নিরাপদ রাখার দায়িত্ব প্রযুক্তি কোম্পানিগুলোরই। তারা তা করতে ব্যর্থ হলে কঠোর জবাবদিহিতার মুখোমুখি করা হবে।
শিশু সুরক্ষা ও ক্ষতিকর উপাদান কমানোর প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হলেও বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক শিল্প সংগঠন এই বিলের বিরোধিতা করেছে। তাদের আপত্তির প্রধান কারণ, কোন কনটেন্টটি ক্ষতিকর তা নির্ধারণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের হাতে কিছুটা হলেও একক ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে আইনি শাস্তি এড়ানোর ভয়ে প্ল্যাটফর্মগুলো সাধারণ কিন্তু ঝুঁকিপূর্ণ মনে হওয়া কনটেন্ট সরাতে অতিরিক্ত কঠোর হতে পারে।
নতুন বিধিমালার আওতায় জেন্ডার সমতার প্রতি বৈরী মনোভাব প্রকাশ বা অপরাধমূলক কর্মকাণ্ডে উৎসাহ জোগায় এমন সব কনটেন্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাকস্বাধীনতা রক্ষা সংক্রান্ত সংগঠনগুলোর একাংশ সতর্ক করে বলেছে, এসব সংজ্ঞা বিস্তৃতভাবে ব্যাখ্যা করার সুযোগ রয়ে গেছে। তাছাড়া অনিয়ম তদন্তে নিয়ন্ত্রক সংস্থাকে বেনামি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দেওয়ায় ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে। এই আইন অমান্যকারী প্ল্যাটফর্মগুলোকে বৈশ্বিক মোট আয়ের সর্বোচ্চ ৫ শতাংশ বা প্রায় ১০ কোটি ৯০ লাখ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।