সাইবার জগৎপ্রধান সংবাদ

ট্রাম্পের পুরনো টুইটের লিংক ঘুরিয়ে দেওয়া হলো এপস্টেইন নথিতে

লিংক শর্টেনার প্ল্যাটফর্ম বিটলি’র সিস্টেমে বড় ধরনের ত্রুটি ধরা পড়ার পর সপ্তাহান্তে প্ল্যাটফর্মটির মাধ্যমে শেয়ার করা বিভিন্ন পুরোনো লিংক অপ্রাসঙ্গিক ও ক্ষেত্রবিশেষে আপত্তিকর ওয়েবসাইটে স্থানান্তরিত হয়ে যায়। এই ত্রুটির ফলে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পুরোনো একটি পোস্টের লিংকে ক্লিক করলে তা কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত উইকিপিডিয়া পাতায় চলে যায়।

মূলত মেয়াদোত্তীর্ণ বিভিন্ন লিংক নিয়ে কাজ করার সময় এই সমস্যার সূত্রপাত হয়। এর ফলে যেকোনো ব্যবহারকারী বা দুর্বৃত্ত একই পুরোনো লিংক ব্যবহার করে সেগুলোকে নিজেদের পছন্দমতো ভিন্ন কোনো ওয়েবসাইটে ঘুরিয়ে দেওয়ার সুযোগ পেয়ে যান। আমেরিকান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১১ সালে বার্গার কিংয়ের করা একটি পুরোনো টুইটের লিংক ১৫ নভেম্বর নতুন এক ব্যবহারকারীর নামে নিবন্ধিত হয়। ওই টুইটে রেস্তোরাঁ খুঁজে পাওয়ার ঠিকানা দেওয়া থাকলেও পরিবর্তিত লিংকে ক্লিক করলে তা সোজা উইকিপিডিয়ায় নাৎসি বন্দিশিবিরের তালিকায় নিয়ে যাচ্ছিল।

এ ছাড়া ২০১৩ সালে স্কটল্যান্ডে নিজের গলফ কোর্স নিয়ে ডনাল্ড ট্রাম্পের করা একটি পোস্টের লিংকও পরিবর্তন করে জেফরি এপস্টেইন সংক্রান্ত নথির উইকিপিডিয়া পাতায় জুড়ে দেওয়া হয়। দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্বের কারণে ট্রাম্প অতীতে বারবার সমালোচনার মুখে পড়েছেন এবং এপস্টেইন সংক্রান্ত নথিপত্রে তার নাম বহুবার এসেছে। এ বছরের শুরুতে মার্কিন বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত যেসব নথি প্রকাশ করেছিল, তার বড় অংশই সম্পাদনার মাধ্যমে ঢেকে দেওয়া হয়েছিল। এই বাড়তি গোপনীয়তা সরিয়ে পূর্ণাঙ্গ এপস্টেইন ফাইল প্রকাশের জন্য আইনপ্রণেতা ও ভুক্তভোগীদের পক্ষ থেকে জোরালো দাবি এখনও অব্যাহত রয়েছে।

বিটলি’র এই নিরাপত্তা ত্রুটির কবলে পড়া অন্যান্য প্রভাবশালী ও সেলিব্রিটি অ্যাকাউন্টগুলোর মধ্যে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের অ্যাকাউন্টও রয়েছে। তবে এই ঘটনার কারণে এক্স প্ল্যাটফর্মের নিজস্ব সাইবার নিরাপত্তায় কোনো ধরনের দুর্বলতা তৈরি হয়েছে– এমন কোনো ইঙ্গিত মেলেনি।

এদিকে ত্রুটির বিষয়টি স্বীকার করে বিটলি জানিয়েছে যে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে তারা প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিয়েছে। কোম্পানির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয় যে, তারা এমন একটি সমস্যার কথা জানতে পেরেছেন যার মাধ্যমে দুর্বৃত্তরা নির্দিষ্ট কিছু পুরোনো ও নিষ্ক্রিয় লিংক পুনরায় ব্যবহার করে মানুষকে মূল পোস্টের সঙ্গে অসম্পর্কিত কনটেন্টে স্থানান্তরিত করার সুযোগ পেয়েছিল। বিটলি কর্তৃপক্ষ এরই মধ্যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো স্থগিত করেছে এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন লিংক নিষ্ক্রিয় করে দিচ্ছে। প্ল্যাটফর্মটির ‘ট্রাস্ট অ্যান্ড সেইফটি’ দল এই সমস্যার সম্পূর্ণ সমাধান এবং ভবিষ্যতে একই ধরনের অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে কাজ করে যাচ্ছে।

ট্যাগ:#ডনাল্ড ট্রাম্প#বিটলি#সাইবার নিরাপত্তা#জেফরি এপস্টেইন#প্রযুক্তি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন