দেশে মোট নবজাতক মৃত্যুর প্রায় ৮৫ শতাংশ ঘটে মূলত তিনটি প্রধান কারণে। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ শিশু মারা যায় অপরিণত বয়সে ও কম ওজন নিয়ে জন্ম নেওয়ার কারণে। এ ছাড়া জন্মের সময় অক্সিজেনের অভাবজনিত শ্বাসকষ্টে ২৭ শতাংশ এবং নিউমোনিয়াসহ নানা সংক্রমণে ২৬ শতাংশ নবজাতকের মৃত্যু হয়। তবে সঠিক চারটি ব্যবস্থা গ্রহণ করা গেলে এসব মৃত্যু প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
বিশ্ব অপরিণত শিশু জন্ম দিবস উপলক্ষে আয়োজিত এক সংলাপে বক্তারা অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। রাজধানী ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশে অপরিণত অবস্থায় ও কম ওজন নিয়ে জন্ম নেওয়া নবজাতকের যত্ন জোরদারকরণ’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিরোধমূলক চার ব্যবস্থার মধ্যে রয়েছে—হাসপাতালে পর্যাপ্ত স্ক্যানু (SCANU) ও নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) বৃদ্ধি করা, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন সরবরাহসহ নিবিড় পর্যবেক্ষণ, সময় নষ্ট না করে অসুস্থ নবজাতককে সহজে রেফারেল হাসপাতালে স্থানাস্তর এবং নবজাতকের চিকিৎসায় প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত যন্ত্রপাতির সংস্থান করা।
শিশু চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) সভাপতি অধ্যাপক মো. মাহবুবুল হক বলেন, যেসব অপরিণত ও কম ওজনের নবজাতক মারা যায়, তাদের ৭৫ শতাংশেরই মৃত্যু হয় জন্মের প্রথম সাত দিনের মধ্যে। এর মধ্যে প্রথম দিনের প্রথম ঘণ্টায় মৃত্যুর হার সবচেয়ে বেশি। তাই ওই প্রথম ঘণ্টার যত্নে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এ সময় স্বাভাবিক যত্নের পাশাপাশি ক্যাঙারু মাদার কেয়ার, মাতৃদুগ্ধ পান ও প্রশিক্ষিত জনবল দিয়ে সেবা নিশ্চিত করা জরুরি। এ ছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পর ১৬ শতাংশ শিশু মারা যায়। তাই মা-বাবাকে বিপদের লক্ষণগুলো সম্পর্কে সচেতন করে তুলতে হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, নবজাতকের বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে ও মৃত্যুহার কমাতে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো অনুসরণ করা প্রয়োজন। তিনি সিলেটের একটি সরকারি হাসপাতালের অভিজ্ঞতা তুলে ধরে জানান, সেখানে একটি শয্যায় একাধিক শিশু রাখা হয়েছিল। নবজাতকদের সুরক্ষায় এনআইসিইউ ও স্ক্যানু বাড়ানোর পাশাপাশি তৃণমূল থেকে উচ্চপর্যায় পর্যন্ত প্রশিক্ষিত জনবল তৈরি করা অতীব জরুরি।
প্রসূতি ও স্ত্রীরোগ-বিশেষজ্ঞদের সংগঠন ওজিএসবি-র সদস্য অধ্যাপক এস কে জিন্নাত আরা নাসরিন বলেন, এলাকাভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে কোন নারীরা কেন সেবা নিতে হাসপাতালে আসছেন না তা শনাক্ত করতে হবে। স্বাস্থ্যসেবাকর্মীরা বাড়িতে গিয়ে মায়দের সচেতন করলে এবং নিয়মিত গর্ভকালীন সেবা নিশ্চিত হলে অপরিণত শিশু জন্মের ঝুঁকি অনেক কমে আসবে। একই সঙ্গে বাল্যবিবাহ ও কৈশোরকালীন মাতৃত্ব রোধ করা আবশ্যক।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুল মান্নান জানান, অপরিণত ও কম ওজনের শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর নিয়মিত ফলোআপ করা অত্যন্ত জরুরি। অপরিণত শিশুর দৃষ্টি ও শ্রবণশক্তি হারানোর ঝুঁকি থাকে। তাই শিশুটির ওজন ২ কেজির কম হলে কিংবা ২ কেজির বেশি ওজনের শিশু অসুস্থ থাকলে, জন্মের ২০ থেকে ২৮ দিনের মধ্যে রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি (আরওপি) বা চোখের পরীক্ষা এবং কানের পরীক্ষা করানো বাধ্যবাধকতামূলক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নবজাতক বিশেষজ্ঞ অধ্যাপক দিলারা আলো, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শারমিন শাহনাজ, উপপ্রকল্প ব্যবস্থাপক সাবিনা আশরাফি লিপি, প্রজননস্বাস্থ্য-বিশেষজ্ঞ আবু সাইদ মো. হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মসূচি কর্মকর্তা মো. নুরুল ইসলাম খান এবং বিশেষজ্ঞ চিকিৎসক সালাহউদ্দিন আহমেদ, শারমিন সুলতানা ঊর্মি, রিদওয়ানা নাহের মান্না ও আজিজ খান। অনলাইনে যুক্ত ছিলেন অধ্যাপক মজিবুর রহমান ও মালালাই আহমেদজাই। মূল নিবন্ধ উপস্থাপন করেন দেওয়ান মো. এমদাদুল হক এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনন্দ মোস্তফা।