ক্রিকেটপ্রধান সংবাদ

টেস্ট খেলার স্বপ্ন এখনও প্রবল নাসুম আহমেদের

চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এখন পর্যন্ত ৩৬ উইকেট শিকার করেছেন সিলেট বিভাগের স্পিনার নাসুম আহমেদ। শেষ রাউন্ডের আগে উইকেটশিকারিদের তালিকায় সবার ওপরে রয়েছেন তিনি। বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ নাসুম। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছেন এক ৩১ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। অথচ এখনো টেস্ট অভিষেকের সুযোগ পাননি তিনি। তবে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে খেলার ইচ্ছাটা এখনো প্রবল তার। নিজের ক্যারিয়ার, ঘরোয়া ক্রিকেটসহ নানা বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন এই ক্রিকেটার।

এবারের মৌসুমে নিজের জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা প্রসঙ্গে নাসুম জানান, নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। শুধু চেয়েছি খেলতে এবং ভালো পারফর্ম করতে। জাতীয় ক্রিকেট লিগকে তিনি অনেক গুরুত্ব দেন, কারণ একবার পুরো একটা মৌসুম খেলতে পারেননি তিনি। এরপর প্রিমিয়ার লিগেও কোনো দল পাননি। বাংলাদেশের ক্রিকেটে প্রথম শ্রেণির ক্রিকেটই মূল জায়গা। এখানে না খেললে ঢাকার প্রথম বিভাগ কিংবা প্রিমিয়ার লিগে দল পাওয়াও কঠিন। তিনি খেলতে চেয়েও সুযোগ পাননি, যা ২০১৫-১৬ মৌসুমে হয়েছিল। সেবার বরিশাল দলে নির্বাচিত হওয়ার পরও খেলতে পারেননি। পরে অবশ্য একজন খেলোয়াড় চোটে পড়ায় তার বদলি হিসেবে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।

২০১১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের ম্যাচেই প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। এরপর এই সংস্করণে যথেষ্ট খেলার সুযোগ পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ২০০ উইকেট পূর্ণ করতে তার আর তিনটি উইকেট দরকার। অভিষেকের পর খেলার সুযোগ তুলনামূলক কম পেয়েছেন। আর ২০২০ সাল থেকে জাতীয় দলের ব্যস্ততার কারণে নিয়মিত প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে পারেননি তিনি। সাদা বলের ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া লাল বলের ক্রিকেটেও ভালো করার পরও টেস্ট দলে সুযোগ না পাওয়ার কারণ সম্পর্কে তিনি জানান, সত্যি বলতে, তিনি জানেন না এবং এ নিয়ে কোনো অনুমানও করতে চান না। তিনি শুধু চেষ্টা করেন, যখন যেখানে সুযোগ পান, সেখানে ভালো পারফর্ম করতে।

টেস্ট ক্রিকেট খেলা এখনও নিজের স্বপ্ন কি না—এমন প্রশ্নে নাসুম জানান, এটা শুধু তাঁর স্বপ্ন নয়, তাঁর কোচ ইমন এবং রাজিন ভাইয়েরও স্বপ্ন। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার পর দল থেকে বাদ পড়ার আক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ভালো পারফর্ম করার পরও দল থেকে বাদ পড়েছেন, তাই তাঁর কোনো আক্ষেপ নেই। তিনি বিশ্বাস করেন, একটি দরজা বন্ধ হলে আরেকটি দরজা খুলে যায়। তিনি যদি খারাপ পারফর্ম করতেন, তাহলে হয়তো এই প্রশ্ন করা হতো না।

সিলেটে অনেক বছর ধরেই লিগের আয়োজন না থাকা এবং স্থানীয় পর্যায়ে বেশি প্রতিযোগিতার আয়োজন হলে এই অঞ্চল থেকে বেশি ক্রিকেটার উঠে আসবে কি না—এ বিষয়ে তিনি বলেন, সুযোগের অভাবে অনেক ক্রিকেটার বসে আছে। ম্যাচ খেলতে না পারলে তারা পারফর্ম করবে কীভাবে এবং তাদের সামর্থ্যই বা বোঝা যাবে কীভাবে? সিলেটের মাঠগুলো সারা বছরই ব্যস্ত থাকে, কিন্তু নিয়মিত ও সংগঠিতভাবে ম্যাচের আয়োজন খুব কম হয়। সিলেটের ক্রিকেটের উন্নতি আটকে থাকার কারণ হিসেবে তিনি দলের মালিকদের বিনিয়োগ করার মানসিকতা না থাকাকে দায়ী করেন। একজন খেলোয়াড়ের অন্তত একটি মৌসুমে ৫০-৬০ হাজার টাকা পাওয়া উচিত। কাউকে তো আর বিনা পারিশ্রমিকে খেলার কথা বলা যায় না। কিন্তু মালিকদের দল গঠনের ব্যাপারেই আগ্রহ নেই। এছাড়া প্রচার-প্রচারণাও খুব কম হয়, ফলে পর্যাপ্তসংখ্যক পৃষ্ঠপোষক এগিয়ে আসেন না।

সামনে যে ডমেস্টিক থ্রি টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে, সেটি নিয়ে আশাবাদী কি না প্রশ্নে তিনি জানান, আগে টুর্নামেন্টটা শুরু হোক, তারপর দেখা যাবে কে কী করছে, আর সেখান থেকে কী পাওয়া যাচ্ছে। ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আগে মোহাম্মদ আশরাফুলের কাজকে কীভাবে মূল্যায়ন করবেন—এমন প্রশ্নে তিনি বলেন, তিনি ভালো ছিলেন। আসলে কোচদের দোষ দিয়ে লাভ নেই। একজন কোচকে যখন নিয়োগ দেওয়া হয়, তখন তিনি শিক্ষক হয়ে যান। তাঁর নির্দেশনা মেনে চলা খেলোয়াড়দের দায়িত্ব। ভুল খেলোয়াড়রাই করে, অথচ জবাবদিহি করতে হয় কোচদের। একজন কোচ তো আর মাঠে নেমে খেলতে পারবেন না, তিনি শুধু দিকনির্দেশনা দিতে পারেন। পরামর্শ না মানলে সেখানে কোচের কোনো দোষ নেই।

ট্যাগ:#নাসুম আহমেদ#ক্রিকেট#জাতীয় ক্রিকেট লিগ#বাংলাদেশ ক্রিকেট#টেস্ট ক্রিকেট
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন