দেশে অব্যাহত রয়েছে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঘটনা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৫৫ জনের মৃত্যু হলো। বছরের বিভিন্ন মাসের মধ্যে সবচেয়ে বেশি ১৭৪ জনের মৃত্যু হয়েছে অক্টোবর মাসে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস মিলিয়ে আরও ৫ জন মারা যান।
সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারানো তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জনে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিভাগভিত্তিক রোগী ভর্তির পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ২৭৫ জন, খুলনায় ১৬১ জন, বরিশালে ১৪৩ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৮৮ জন এবং রংপুর বিভাগে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।