অর্থনীতি ও বাণিজ্যপ্রধান সংবাদ

ঢাকার বাজারে মসলার দাম কেজিতে বাড়ল ৪০০ টাকা

রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত বিভিন্ন ধরনের মসলার দাম আশঙ্কাজনকভাবে বেড়েছে। শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত ও কারওয়ান বাজারসহ রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, পণ্যভেদে মসলার দাম কেজিতে ৫০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

কচুক্ষেত এলাকার এক ব্যবসায়ী জানান, গত ১০ দিনে বেশ কয়েকটি মসলা ও শুকনা ফলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। আগে যে এলাচ ৪ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হতো, বর্তমানে তা বেড়ে ৫ হাজার ২০০ টাকায় পৌঁছেছে। এছাড়া লবঙ্গের দাম কেজিপ্রতি ১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৭০০ টাকা, জিরার দাম ৫৫০ টাকা থেকে বেড়ে ৬৫০ টাকা এবং কাজুবাদামের দাম ১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

একইভাবে বাজারে পেস্তাবাদামের দাম কেজিপ্রতি ৩ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৯০০ টাকা, কিশমিশ ৮২০ টাকা থেকে বেড়ে ৮৮০ টাকা এবং ইসবগুলের ভূসি ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে। বাজার ঘুরে দেখা যায়, অতিরিক্ত দামের কারণে সাধারণ ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে দরদাম যাচাই করছেন এবং অনেকেই কাঙ্ক্ষিত পণ্য না কিনে ফিরে যাচ্ছেন।

ইব্রাহিমপুর কাঁচাবাজারের এক খুচরা বিক্রেতা জানান, পাইকারি বাজার থেকেই তাদের বেশি দামে পণ্য সংগ্রহ করতে হচ্ছে। গত সপ্তাহে যে জিরা ৬০০ টাকা কেজিতে বিক্রি করা হয়েছিল, চলতি সপ্তাহে তা ৭০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। অন্যান্য মসলা ও শুকনা ফলের বাজারেও একই ধরনের মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা গেছে।

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, ভারতসহ আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণেই স্থানীয় বাজারে আমদানিকৃত মসলার দাম বেড়েছে। বিশেষ করে ভারত থেকে জিরা ও এলাচসহ সিংহভাগ মসলা আমদানি করা হয়ে থাকে। মিরপুরের পল্লবী এলাকার খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজারে প্রতি কেজি জিরার দাম সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা এবং হলুদ ও মরিচের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এভাবে লাগাতার দাম বাড়তে থাকায় বাজারে পণ্যের বিক্রি ও চাহিদা আশঙ্কাজনকভাবে কমে গেছে।

ট্যাগ:#মসলার দাম#দ্রব্যমূল্য#রাজধানী#পাইকারি বাজার#অর্থনীতি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন