জাতীয়প্রধান সংবাদ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থী বহিষ্কার ও তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) একাডেমিক ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন জানান, সিসিটিভি ফুটেজে তাকে সরাসরি ককটেল নিক্ষেপ করতে দেখা গেছে। অপরাধে তার সরাসরি সম্পৃক্ততা থাকায় তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রক্টর আরও জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর অধ্যাপক এনামুল হক সজীব, অধ্যাপক শান্টু বড়ুয়া, আলী মোহাম্মদ কাওসার ও মো. আমজাদ হোসেন।

গঠিত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে ওই শিক্ষার্থীর কোনো সম্পৃক্ততা আছে কি না, সে বিষয়েও তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান প্রক্টর।

উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ওই ঘটনায় এক প্রাইভেটকার চালক আহত হয়েছিলেন।

ট্যাগ:#ঢাকা বিশ্ববিদ্যালয়#ককটেল বিস্ফোরণ#শিক্ষার্থী বহিষ্কার#প্রক্টর অফিস#অপরাধ ও শাস্তি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন