১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। আন্তর্জাতিক গবেষণার তথ্যমতে, বিশ্বজুড়ে নতুন করে স্ট্রোকে আক্রান্তদের মধ্যে প্রায় ১৫ শতাংশের বয়স ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে।
নিউরো চিকিৎসকদের মতে, ১৯৯০ সাল থেকে ২০২১ সালের মধ্যে এই নির্দিষ্ট বয়সসীমার মানুষের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা প্রায় ৩৬ শতাংশ বেড়েছে। কেবল প্রবীণদের ক্ষেত্র নয়, তরুণদের মধ্যেও এখন স্ট্রোকের আশঙ্কা আশঙ্কাজনকভাবে দৃশ্যমান।
বিশেষজ্ঞদের মতে, তরুণ বা বয়স্ক সব বয়সের মানুষের ক্ষেত্রেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন বা স্থূলতা, ধূমপান, মদ্যপান, অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত মানসিক চাপ ও কায়িক পরিশ্রমহীন অলস জীবনযাপন স্ট্রোকের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দেয়।
রোগের নির্দিষ্ট কিছু লক্ষণ দেখা দিলেই কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শরীরের যেকোনো একপাশে হঠাৎ দুর্বলতা বা অসাড়তা অনুভব করা, কথা বলতে কষ্ট হওয়া বা কথা জড়িয়ে যাওয়া, দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দেওয়া, হাঁটাচলায় অসুবিধা এবং শরীরের ভারসাম্য রাখতে না পারা স্ট্রোকের প্রধান পূর্বলক্ষণ।
স্ট্রোক হওয়ার পর প্রথম ৪ ঘণ্টা চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। এ সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে পৌঁছে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত জটিলতার ওষুধ দেওয়া সম্ভব হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি কমানো সম্ভব হয় এবং সুস্থতার সম্ভাবনা বাড়ে। তবে সাড়ে চার ঘণ্টা পার হয়ে গেলেও হাল না ছেড়ে দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ চিকিৎসকদের।