জাতীয়প্রধান সংবাদ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, জরুরি পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল রাখা, দালালদের দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় চরম অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে আগত সাধারণ রোগীরা নানাভাবে হয়রানির শিকার হয়ে আসছিলেন বলে অভিযোগ ছিল।

এছাড়া হাসপাতালের কোটি টাকার গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রী ও পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল ফেলে রেখে সরকারি তহবিলের অর্থ অপচয়, দালাল চক্রের অবাধ যাতায়াত এবং ইনডোর ও আউটডোরে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ ছিল। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য দুদক টিম হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগ পরিদর্শন করে।

অভিযানকালে হাসপাতাল প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা। এ সময় অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকার প্রাথমিক প্রমাণস্বরূপ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, হাসপাতালের সেবামূলক কার্যক্রমে অনিয়ম, যন্ত্রপাতি অচল থাকা এবং দালালদের দৌরাত্ম্যের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কিছু প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। জব্দ করা কাগজপত্রগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:#দিনাজপুর#দুদক#হাসপাতাল#অভিযান#দুর্নীতি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন