রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের প্রবেশপথ কেমন হওয়া উচিত, সম্প্রতি এক দর্শনার্থীর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। ১১৩ বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি এখন সবার ভাবনায় সাড়া দিয়ে জাদুঘরকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটির আধুনিকায়নের অংশ হিসেবে ৪৬টি গ্যালারির উপস্থাপনা নতুন করে সাজানোর কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে গ্যালারিগুলোতে দৃশ্যমান পরিবর্তন আসবে। পাশাপাশি নতুন ভবন ও আধুনিক প্রবেশপথ সংবলিত একটি মাস্টারপ্ল্যান বর্তমানে উন্নয়ন প্রকল্প হিসেবে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তবে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, গ্যালারির আলোর স্বল্পতা, নিদর্শনের পাশে অপর্যাপ্ত তথ্য, দেশীয় সংগ্রহের সীমাবদ্ধতা এবং বিশ্রামাগারের নানা সংকট নিয়ে দর্শনার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিশেষ করে তরুণ শিক্ষার্থী ও গবেষকরা গ্যালারিগুলোতে কিউআর কোড সংযোজন, মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহার এবং ঐতিহাসিক তথ্য আরও সমৃদ্ধ করার ওপর জোর দিয়েছেন।
জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব জানান, দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন পরামর্শ ও ভাবনা তাদের নতুন পরিকল্পনা প্রণয়নে সাহায্য করছে। তিনি বলেন, পুরোনো আমলের আসবাবপত্র ও প্রথাগত প্রদর্শনী পদ্ধতি বদলে আধুনিক আলোর ব্যবহার এবং গল্প বলার ধরনে পরিবর্তন আনা হচ্ছে। নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং ধাপে ধাপে তা অন্য তলাগুলোতেও বিস্তার লাভ করবে।
তিনি আরও জানান, জাতীয় জাদুঘরে বর্তমানে ৯৬ হাজারের বেশি নিদর্শন রয়েছে। স্থান সংকট দূর করতে নতুন ভবন নির্মাণের একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা একনেক সভায় অনুমোদিত হলে প্রদর্শনীর পরিধি আরও বৃদ্ধি পাবে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিশু-কিশোরদের জন্য জাদুঘরের সুযোগ-সুবিধা বাড়াতে নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।