দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে এই প্রস্তাব পেশ করা হয়। একই সঙ্গে কর্মচারীদের জন্য সর্বনিম্ন ৪০ হাজার টাকা বেতন দাবি করা হয়েছে। বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান জানান, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত মজুরি কাঠামোর কাজ শেষ করে জানুয়ারির বেতনের সঙ্গে তা সমন্বয় করা হবে। মালিকপক্ষ চার কার্যদিবসের মধ্যে তাদের লিখিত সুপারিশ জমা দিতে না পারলে বোর্ড নিজ থেকেই সিদ্ধান্ত গ্রহণের দিকে এগোবে। পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন পোশাক কারখানার বর্তমান পরিস্থিতি পর্যালোচনারও সিদ্ধান্ত নিয়েছে মজুরি বোর্ড।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন এনআইডি ও পাসপোর্টের আবেদন প্রক্রিয়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সরকার। লন্ডনভিত্তিক একটি আইন ফার্মের মাধ্যমে পাঠানো আবেদনের একটি ইমেইল দিল্লির বাংলাদেশ হাই কমিশন থেকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, একজন অভিযুক্ত আসামির পাসপোর্টের আবেদন হাস্যকর এবং তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই আবেদনের আইনগত ভিত্তি ও সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জাতীয় সংসদের চতূর্থ অধিবেশনে বক্তব্য প্রদানকালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করে বলেন, অতীতে স্বৈরাচারী শাসনামলে দেশের চিকিৎসা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে মানুষকে বিদেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল। একই সাথে দেশের শিল্প ও জ্বালানি খাতকে নিজ স্বার্থে ব্যবহার না করে পুরোপুরি আমদানি নির্ভর করে রাখা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পৃথক সিদ্ধান্ত সামনে এসেছে। এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফলাফল আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হওয়ার কথা জানিয়ে ইউজিসি আগামী বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বঘোষিত তারিখ অনুযায়ী আগামী ৫ই ডিসেম্বর থেকেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১১ই নভেম্বর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত।
সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে একটি মামলায় পুলিশ গ্রেফতার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির বরাতে সংসদকে জানানো হয়, তিনি বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
অন্যদিকে আবহাওয়া সংক্রান্ত এক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।