বিশ্ব রাজনীতিপ্রধান সংবাদ

প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আঙ্কারার বিনিয়োগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) প্রধানমন্ত্রীর যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ওই সম্মেলনের ফাঁকে মঙ্গলবার বাংলাদেশ ও তুরস্কের সরকারপ্রধানের মধ্যে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বিগত সরকারের সময়ে তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম কেনার প্রসঙ্গ টেনে সামরিক খাতে বিনিয়োগ নিয়ে দুই শীর্ষ নেতার আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ ও অন্যান্য প্রতিরক্ষা উৎপাদন খাতে অংশীদারত্বের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি উল্লেখ করেন, জলবায়ু সম্মেলনের মতো বহুপক্ষীয় ফোরামের ফাঁকে হাতে গোনা কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন এরদোয়ান। একে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব পাওয়ার ইঙ্গিত হিসেবে বর্ণনা করে তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে এবং দুই দেশের সম্পর্ক বর্তমানে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

প্রতিমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে রায়ের পর বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রচেষ্টা জোরদার এবং রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থায়ন ও জোরালো ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে আনতালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে চলা সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হয়তো বসার ক্ষেত্রে কিছুটা অস্বস্তিকর অবস্থায় ছিলেন, তবে এর মধ্যে কোনো অপ্রীতিকর বা অসৌজন্যমূলক ইঙ্গিত তিনি দেখেননি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং গণতান্ত্রিক বিশ্বের একজন নেতা হিসেবে তাকে মূল্যায়ন করেন বলেও জানান তিনি।

ট্যাগ:#বাংলাদেশ#তুরস্ক#প্রতিরক্ষা#পররাষ্ট্র মন্ত্রণালয়#আন্তর্জাতিক সম্পর্ক
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন