প্রাথমিক বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের ওপর প্রস্তুত করা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য পৃথিবীর গতি, দিন-রাত এবং ঋতু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর এখানে তুলে ধরা হয়েছে। সৌরজগতে পৃথিবীর গতি প্রধানত দুই ধরনের। এর মধ্যে একটি হলো আহ্নিক গতি, যেখানে পৃথিবী তার নিজ অক্ষের ওপর ঘোরে। অন্যটি হলো বার্ষিক গতি, যেখানে পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘোরে।
পৃথিবী তার নিজ অক্ষের ওপর লাটিমের মতো ঘুরতে থাকে। নিজ অক্ষের চারপাশে পৃথিবীর এই ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। এই গতির ফলেই মূলত পৃথিবীতে দিন ও রাত হয়। নিজ অক্ষের ওপর পৃথিবীর একবার সম্পূর্ণ ঘুরে আসতে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড সময় লাগে। আহ্নিক গতির সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে হেলে থাকে, সেখানে দিন হয় এবং অপর পিঠে রাত হয়।
অন্যদিকে, পৃথিবী তার নিজ অক্ষের ওপর ঘোরার পাশাপাশি একটি নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকেও ঘুরতে থাকে। সূর্যের চারপাশে পৃথিবীর এই ঘূর্ণন গতিকে বার্ষিক গতি বলা হয়। সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে একবার সম্পূর্ণ ঘুরে আসতে পৃথিবীর প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা সময় লাগে। এই সময়কে এক বছর হিসেবে গণনা করা হয় এবং বার্ষিক গতির কারণেই পৃথিবীতে বিভিন্ন ঋতুর আগমন ঘটে।
সূর্যের চারপাশে পৃথিবীর বার্ষিক গতি এবং পৃথিবীর অক্ষ কিছুটা হেলে থাকার কারণে ঋতু পরিবর্তন হয়। এর ফলে কোনো অঞ্চলে সূর্যের আলো কখনো তির্যকভাবে, আবার কখনো খাড়াভাবে পড়ে, যার ফলে তাপমাত্রার পরিবর্তন ঘটে। পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে কাল্পনিক সংযোজক সরলরেখাকে পৃথিবীর অক্ষরেখা বলা হয়। সূর্যের চারদিকে ঘোরার সময় এই অক্ষরেখাটি একটু হেলানো অবস্থায় থাকে।
ইংরেজি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। এই সময়ে উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেওয়ায় দিনের দৈর্ঘ্য বড় হয় এবং তাপমাত্রা বেড়ে যায়। বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় এই সময়ে এখানে গ্রীষ্মকাল বিরাজ করে। এসব বিষয়ে সঠিক ধারণা থাকলে শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা করা যায়।