ফার্মগেটে বাসে আগুন, সাময়িক বন্ধ মেট্রোরেল স্টেশন

রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের যাত্রীসেবা ও সার্বিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই বাসে থাকা যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

এদিকে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মেট্রোরেল কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনার পর যাত্রী সুরক্ষার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ হলে পুনরায় স্টেশন চালু করে নিয়মিত যাত্রীসেবা কার্যক্রম শুরু করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড় ছয়টার দিকে বাসে কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লেও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগ:#ফার্মগেট#বাসে আগুন#মেট্রোরেল#রাজধানী#ফায়ার সার্ভিস
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন