উৎক্ষেপণের প্রায় ২২ বছর পর পৃথিবীতে ফিরে এসে বায়ুমণ্ডলে পুড়ে ধ্বংস হয়ে গেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সুইফট স্পেস টেলিস্কোপ। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ গামা–রে বার্স্টসহ বিভিন্ন মহাজাগতিক বস্তুর তথ্য সংগ্রহের জন্য ২০০৪ সালে ৩ হাজার ২০০ পাউন্ড ওজনের এই টেলিস্কোপটি মহাকাশে পাঠানো হয়েছিল। দীর্ঘদিন সফলভাবে কাজ করলেও বর্ধিত সৌর কার্যকলাপের কারণে সম্প্রতি এর কক্ষপথ দ্রুত নিচে নামতে শুরু করে।
ইউএস স্পেস ফোর্সের তথ্যমতে, গত বুধবার সকালে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা অঞ্চলের ওপর বায়ুমণ্ডলে প্রবেশ করে টেলিস্কোপটি। বায়ুমণ্ডলের সঙ্গে তীব্র ঘর্ষণের ফলে এর বেশির ভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। গত আগস্টে টেলিস্কোপটিকে রক্ষা করতে তিন কোটি ডলার ব্যয়ে একটি উদ্ধারকারী মহাকাশযান পাঠিয়েছিল নাসা। এটিকে উচ্চতর কক্ষপথে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।
নাসার পক্ষ থেকে জানানো হয়, এই মিশন মানুষের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুইফট তার কর্মকালে দুই হাজারের বেশি গামা–রে বার্স্ট এবং ১ হাজার ৪০০টি বিস্ফোরিত তারা আবিষ্কার করেছে। এছাড়া ধূমকেতু, গ্রহাণু ও কৃষ্ণগহ্বরের বহু মূল্যবান তথ্যও সংগ্রহ করেছে এটি। হাবল ও জেমস ওয়েব টেলিস্কোপের মতো বড় টেলিস্কোপগুলোর পাশাপাশি মহাজাগতিক গবেষণায় এটি অনন্য অবদান রেখেছিল।