বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের শক্ত অবস্থান তৈরি ও ভবিষ্যতের নতুন সব সুযোগ বাস্তবায়নে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MRIST)। শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে রাখতে প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চায়না ম্যান্ডারিন (Mandarin Chinese) ভাষার নিয়মিত ক্লাস।
আজ প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব অর্থনীতিতে চীনের আধিপত্য এবং আন্তর্জাতিক অঙ্গনে ম্যান্ডারিন ভাষার ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান বিশ্বে ক্যারিয়ার বিকাশ কিংবা গবেষণার উদ্দেশ্যে উচ্চশিক্ষায় চীন একটি অন্যতম প্রধান গন্তব্য। তরুণ প্রজন্মকে এই সুযোগগুলো কাজে লাগানোর উপযোগী করে তোলাই এই কোর্স চালুর মূল লক্ষ্য।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক মানের শিক্ষা সুনিশ্চিত করতে শুধু একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়; বরং ভাষাগত দক্ষতা এখন ক্যারিয়ারের একটি বড় হাতিয়ার। ম্যান্ডারিন ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা কেবল নতুন একটি ভাষা শিখবে না, বরং চীনের সমৃদ্ধ সংস্কৃতি, প্রযুক্তি এবং বিশ্ববাজারের সঙ্গে যোগাযোগের সরাসরি সুযোগ পাবে। এটি তাদের ভবিষ্যৎ স্কলারশিপ, উচ্চশিক্ষা এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের পথকে বহুলাংশে সুগম করবে।
উল্লেখ্য, নিয়মিত ক্লাসের অংশ হিসেবে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষার্থীদের অত্যন্ত সহজ ও আধুনিক পদ্ধতিতে ম্যান্ডারিন ভাষার মূল দক্ষতা—শোনা, বলা, পড়া ও লেখায় পারদর্শী করে তোলা হচ্ছে।
প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, নিজ ক্যাম্পাসে বসেই বৈশ্বিক চাহিদাসম্পন্ন একটি ভাষা শেখার এই সুযোগ তাদের আন্তর্জাতিক স্কলারশিপ ও ভবিষ্যৎ ক্যারিয়ারে বড় ভূমিকা রাখবে।
ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক অঙ্গনে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এ ধরনের আধুনিক ও যুগোপযোগী উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রশাসন।