জাতীয়প্রধান সংবাদ

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। দিনটি স্মরণে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ভোর থেকেই মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধার্ঘ জানাতে সব শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে জন্ম হলেও মওলানা আবদুল হামিদ খান ভাসানী তার জীবনের সিংহভাগই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। সন্তোষের মাটিতেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী তার কৈশোর ও যুবা বয়স থেকেই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। লাইন-প্রথা উচ্ছেদ, জমিদারদের নির্যাতনবিরোধী আন্দোলন থেকে শুরু করে সারাজীবনই তিনি সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করেছেন। তার উদ্যোগে ১৯৫৭ সালে কাগমারীতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সর্বদলীয় ওয়ার কাউন্সিলের উপদেষ্টা ছিলেন। স্বাধীনতার পর তার সর্বশেষ কীর্তি ছিল ফারাক্কা লং মার্চ।

১৯১১ সালে মওলানা মোহাম্মদ আলীর সান্নিধ্যে এসে রাজনীতিতে নামেন মওলানা ভাসানী। ১৯১৭-১৮ সালে তিনি প্রবাসী সরকারের নেতৃত্বে তুরস্কের সাহায্যে ভারতবর্ষ স্বাধীন করার পরিকল্পনা রেশমী রুমাল আন্দোলন করেন এবং ১৯১৯ সালে কারাবরণ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাহচর্য লাভ করে দেশবন্ধুর স্বরাজ আন্দোলনে অংশ নেন। খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে যোগদান করে তিনি ১৯২৫ থেকে ১৯২৭ সালে আসামে ও পূর্ব বাংলায় কৃষক-মজুরদের স্বার্থে সংগঠন গড়ে জমিদার ও সুদখোর মহাজনবিরোধী আন্দোলন করেন।

১৯২৮ সালে কলকাতায় খিলাফত সম্মেলন ও ১৯২৯ সালে আসামের ভাসান চরে দ্বিতীয় বারের কৃষক-প্রজা সম্মেলনে যোগ দেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ভাসানী ১৯৩৬ সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগ দেন এবং আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি হন। ১৯৩৭ সালে আসামে কুখ্যাত লাইন প্রথাবিরোধী আন্দোলন করেন এবং আসাম প্রাদেশিক পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন।

১৯৪৬ সালে পাকিস্তান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন। ১৯৪৭ সালের ৫ মার্চ আসামে আন্দোলনের ডাক দেওয়ার পর বাংলাদেশে ফিরে আসেন। ১৯৪৮ সালের ১৭ মার্চ পূর্ব বাংলার ব্যবস্থাপক সভায় বাংলাভাষার পক্ষ সমর্থনে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা করে এর সভাপতি হন। ১৯৫৫ সালের ১৫ জুন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে ঐতিহাসিক পল্টন ময়দানে জনসভা করেন।

১৯৫৭ সালের মার্চ মাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে রাজনৈতিক বিরোধে জড়িয়ে আওয়ামী লীগ ত্যাগ করেন এবং ২৬ জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন। ১৯৬৫ সালে আইয়ুববিরোধী নির্বাচনে মিস ফাতেমা জিন্নাহর পক্ষে অংশগ্রহণ করেন এবং পাক-ভারত যুদ্ধে দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হন। ১৯৬৬ সালে ন্যাপের পক্ষ থেকে ১৪ দফা দাবি উত্থাপন করেন এবং ১৯৬৮ সালে আইয়ুবের পতনের লক্ষ্যে ১০ দফা ‘দাবি সপ্তাহ’ পালন করেন। ১৯৬৯ সালে আইয়ুব আহূত গোলটেবিল বৈঠক বর্জন করেন।

১৯৭০ সালের জানুয়ারিতে সন্তোষে ঐতিহাসিক কৃষক সম্মেলন, পাকিস্তানের টোবাটেক সিং-এ মার্চে কৃষক সম্মেলন এবং পাঁচবিবির মহিপুরে এপ্রিলে কৃষক সম্মেলন করেন। ৪ ডিসেম্বর পল্টনের জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান ঘোষণা করে তিনি ঐতিহাসিক বক্তব্য দেন। স্বাধীনতার পর তিনি দীর্ঘদিন গৃহবন্দি থাকলেও গণমানুষের বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যান। ১৯৭২ সালে আলোড়ন সৃষ্টিকারী সাপ্তাহিক 'হক-কথা' প্রকাশ করেন। ৯ এপ্রিল ঢাকার পল্টন ময়দানে স্বাধীন বাংলাদেশে প্রথম জনসভায় ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। তিনি আওয়ামী লীগের বিভিন্ন নীতির বিরুদ্ধেও আন্দোলনের ডাক দেন।

দেশব্যাপী দুর্ভিক্ষের প্রেক্ষাপটে ১৯৭৪ সালে ভাসানীর দেশব্যাপী ভুখা মিছিল আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছিল। ১৯৭৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত ফারাক্কা মিছিলের ডাক দেন এবং ১৬ ও ১৭ মে রাজশাহী থেকে কানসাট পর্যন্ত ফারাক্কা অভিমুখে লংমার্চের নেতৃত্ব দেন। অবশেষে ওই বছরের ১৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মওলানা ভাসানীর ভক্ত এবং স্থানীয়রা বলেন, মওলানা ভাসানী আজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। এজন্য তাকে বহু নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে হয়েছে। তার মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালনের পাশাপাশি মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তারা।

এদিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি মাহমুদুল হক সানু বলেন, পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে একসময় ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে তা বাদ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের কাছে আমাদের জোরালো দাবি, যত দ্রুত সম্ভব পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করা হোক এবং তার সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরা হোক।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম শহিদুল ইসলাম জানান, ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী এবার ভিন্নমাত্রায় পালনের জন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকাল সাড়ে সাতটায় মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ক্যাম্পাস ও কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অপরদিকে টাঙ্গাইল জেলা বিএনপিও দিনটি স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ম মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।

ট্যাগ:#মওলানা আবদুল ভাসানী#মৃত্যুবার্ষিকী#সন্তোষ#টাঙ্গাইল#জাতীয়
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন