জাতীয়প্রধান সংবাদ

রাজনীতির উদ্দেশ্যে নতুন বিভাগ নয়: শিক্ষামন্ত্রী

দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক ও শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে যাতে নতুন কোনো বিভাগ খোলা না হয়, সেই আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ‘ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক ওই সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

বর্তমান চাকরির বাজারের চাহিদা ও প্রয়োজন বিবেচনা না করে কোনো বিভাগ খোলা উচিত নয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা ও কর্মসংস্থানের সুযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। কেবল বিভাগ খোলার আনুষ্ঠানিকতার জন্য তা করা হলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না; বরং উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির প্রতিষ্ঠানে পরিণত হবে।

এহছানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্বের কারখানা বানানো যাবে না। শিক্ষক বা শিক্ষার্থী রাজনীতির উদ্দেশ্যে কিংবা অপ্রয়োজনীয় কোনো বিভাগ চালুর পক্ষে নন তিনি। বিশ্ববিদ্যালয়গুলোকে এমন বিষয়ে দক্ষ শিক্ষার্থী তৈরি করতে হবে, যাতে তারা কর্মক্ষেত্রে সহজে প্রবেশের সুযোগ পান। এ প্রসঙ্গে কোন খাতে ঠিক কতজন দক্ষ জনবল প্রয়োজন, তা গভীরভাবে বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু নতুন বিভাগ খোলার দিকে মনোযোগী না হয়ে বিদ্যমান বিভাগগুলোর মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যেসব বিভাগের বাস্তবে প্রয়োজন নেই, ভবিষ্যতে সেগুলো যেন খোলার অনুমতি দেওয়া না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) কঠোরভাবে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিদ্যমান শিক্ষকসংকটের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়—সব পর্যায়েই শিক্ষক ও জনবলের ঘাটতি রয়েছে। অথচ প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ ও জনবল কাঠামো সম্প্রসারণ করা যাচ্ছে না। জনবল ও শিক্ষকের এই চাহিদা পূরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ট্যাগ:#শিক্ষামন্ত্রী#বিশ্ববিদ্যালয়#উচ্চশিক্ষা#চাকরি বাজার#শিক্ষা ও ক্যাম্পাস
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন