কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আগের রাত থেকে উত্তেজনা থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী স্বাভাবিক নিয়মেই চলছে। তবে গণপরিবহন স্বাভাবিকের চেয়ে কম রয়েছে এবং স্কুল-কলেজ খোলা থাকায় সকালে যাতায়াতে কিছুটা বিপাকে পড়েন নগরবাসী।
চলতি সপ্তাহের আগের দিনগুলোতে ঘটে যাওয়া নাশকতা এবং বুধবার রাতের বিভিন্ন অপ্রীতিকর ঘটনার মিলিয়ে বৃহস্পতিবারকে কেন্দ্র করে বেশ উৎকণ্ঠা তৈরি হয়। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলেও সকাল থেকেই ঢাকার আবহাওয়া ছিল কিছুটা ভিন্ন, ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশের সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টিরও দেখা মিলেছে।
সকালে ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইট, বিজয়সরণি ও মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন বা বাস বেশ কম চলাচল করছে। বিভিন্ন দপ্তরের কর্মী বহনকারী বাস দেখা গেলেও সাধারণ যাত্রীবাহী বাস প্রায় অনুপস্থিত ছিল। তবে মেট্রোরেল সম্পূর্ণ স্বাভাবিক নিয়মে চলাচল করেছে এবং মেট্রো স্টেশনগুলোর নিচে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
আগের দিন থেকেই বাস মালিকদের ডেকে বাড়তি সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিরপুরের এক বাস মালিক জানান, পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যেন সন্ধ্যার পর বাস না চালানো হয়। নিরাপত্তাজনিত আশঙ্কায় এবং যানবাহনের সুরক্ষায় সকালে বাস নামানো হয়নি বলে জানান তিনি।
এদিকে বাস কম চললেও ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে এবং অনেক প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষাও চলছে। সকালের দিকে সন্তানদের স্কুলে নিয়ে আসা অভিভাবকদের অনেকেই রাস্তায় গণপরিবহন সংকট অনুভব করেছেন। তবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশা ও লেগুনার মতো ছোট যানবাহনের চলাচল ছিল বেশ বেশি।
ঢাকার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় দূরপাল্লার নৈশ কোচগুলো নিয়মমতো ঢাকায় প্রবেশ করলেও দিবাকালীন ট্রিপগুলোতে যাত্রীর সংখ্যা কিছুটা কম ছিল। মহাখালী বাস টার্মিনালকেন্দ্রিক পরিবহন মালিকরা জানান, গাজীপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে আগের দিন কিছু রুটে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটেছিল। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে দুপুরের পর থেকে বাস চলাচল বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
আগামী দিনগুলোতে বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা থাকায় চাকরিপ্রার্থীরা যাতায়াত নিয়ে কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রুট সচল রাখার জন্য বাস মালিকদের প্রতি অনুরোধ জানাতে দেখা গেছে অনেক পরীক্ষার্থীকে। তবে বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ধরনের কোনো সমস্যা না থাকলে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড ও সহিংসতার জন্য একটি রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতৃত্বকে দায়ী করেছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।